৪৮ ঘণ্টা শেষ হবে কবে, প্রশ্ন সাংবাদিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ। বাংলাদেশ সচিবালয়, রোববার, ২০১৮। প্রথম আলো
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ। বাংলাদেশ সচিবালয়, রোববার, ২০১৮। প্রথম আলো

সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যেই আসামিদের গ্রেপ্তার করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু হত্যাকাণ্ডের ছয় বছর পরেও তদন্তকাজ শেষ হয়নি। এই ৪৮ ঘণ্টার শেষ কবে তা জানতে চেয়েছেন সাংবাদিক নেতারা। তাঁরা মনে করেন, সরকার আন্তরিকভাবে চাইলে অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা সম্ভব।

জনগুরুত্বসম্পন্ন অনেক ঘটনার মতো সাগর-রুনি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতেও আদালত স্বতঃপ্রণোদিত রুল দেবেন বলে সাংবাদিক নেতারা প্রত্যাশা করেন।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে এক সমাবেশ আয়োজন করা হয়। ডিআরইউ আয়োজিত সমাবেশে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। সমাবেশ শেষে সাংবাদিকেরা একটি মিছিল নিয়ে সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি স্মারকলিপি দেন।

সমাবেশে ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম বলেন, ছয় বছরে একটি হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটিত হবে না, এটা মেনে নেওয়া যায় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সূত্র খুঁজে পায় না কেন? পুলিশ, র‍্যাব—কারও কী সক্ষমতা নেই? এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সাংবাদিকেরা সে কারণ জানতে চান।

ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত সাংবাদিকেরা আন্দোলন চালিয়ে যাবেন। বিভিন্ন সাংবাদিক সংগঠন ঐক্যবদ্ধভাবে এই হত্যার বিচার দাবিতে সোচ্চার হতে হবে।

আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত প্রতিবেদন দেবে বলে আশা প্রকাশ করেন ডিআরইউ সাধারণ সম্পাদক শুক্কুর আলী।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে-একাংশ) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, শুধু একটি দিবসের মধ্যেই সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার দাবিকে সীমাবদ্ধ না রেখে কর্মসূচি চালিয়ে যেতে হবে। এ জন্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পরিসরে জনমত গঠনে উদ্যোগ নিতে হবে।

প্রশাসন সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে রহস্যজনক আচরণ করছে বলে মন্তব্য করেন ডিইউজে (একাংশ) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন দিতে অর্ধশতাধিকবার সময় নেওয়া হয়েছে। বিচারের নামে প্রহসন হচ্ছে। যারা ক্ষমতায় আছে, তারা আন্তরিক হলে আসামি গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করা স্বল্প সময়ের কাজ।

সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ডিআরইউয়ের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান, রাজু আহমেদ, মোরসালীন নোমানী, ইলিয়াস হোসেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়াবাড়িতে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির লাশ পাওয়া যায়।