কুমিল্লা মডার্ন হাইস্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খানের বিরুদ্ধে কোহিনূর বেগম নামের এক শিক্ষককে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আফজল খান ওই শিক্ষকের বিরুদ্ধে তাঁর সহকর্মীদের দিয়ে ৪৮টি সাধারণ ডায়েরি (জিডি) ও পাঁচটি মামলা করিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।এদিকে ওই শিক্ষককে বিদ্যালয়ে যোগদানের জন্য হাইকোর্টের আদেশ থাকলেও সেটি কার্যকর করা হচ্ছে না। উল্টো গত ৪ আগস্ট অনিয়মতান্ত্রিকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে। তবে আফজল খানের দাবি তিনি জিডি বা মামলা করাননি, নিয়মতান্ত্রিকভাবেই ওই শিক্ষককে বরখাস্ত করেছেন।৪৮ জিডি, পাঁচ মামলা: চলতি বছরের ১৬ থেকে ২০ আগস্টের মধ্যে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় কোহিনূর বেগমের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে ওই স্কুলের শিক্ষকেরা ৪৮টি জিডি করেন। সহকারী শিক্ষক মো. মহসীন মজুমদার ১৬ আগস্ট কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর মূল সনদ আটকে রাখার অভিযোগে মামলা করেন। আরেক সহকারী শিক্ষক বিপুল চক্রবর্তী ১৮ আগস্ট কুমিল্লার বিচারিক হাকিমের আদালতে মামলা করেন। ১৯ আগস্ট বিদ্যালয়ের অফিস সহকারী জীবনচন্দ্র দেবনাথ কুমিল্লা জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ২০ হাজার টাকা আত্মসাতের মামলা করেন। একই আদালতে ২২ আগস্ট স্কুলের সহকারী শিক্ষক মো. এ জি ফারুক ও মো. জাহাঙ্গীর আলম অর্থ আত্মসাতের মামলা করেন।হয়রানির অভিযোগ: ১৯৯২ সালের ২০ ডিসেম্বর কোহিনূর বেগম কুমিল্লা মডার্ন হাইস্কুলের সহকারী শিক্ষক পদে যোগদান করেন। ১৯৯৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি সহকারী প্রধান শিক্ষক হন। ২০০৭ সালের ৪ মার্চ থেকে ২০১০ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ২৫ জানুয়ারি আফজল খানের স্ত্রী নার্গিস সুলতানা আবার প্রধান শিক্ষকের পদে ফিরে এলে তিনি স্বপদে ফিরে যান। গত ৩০ জুন আফজল খানের বাসায় ডেকে নিয়ে কোহিনূর বেগমকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। অন্যথায়, হয়রানি করার হুমকি দেন বলে ওই শিক্ষক অভিযোগ করেছেন। এদিকে হয়রানির প্রতিবাদে কোহিনূর বেগম গত ৪ আগস্ট কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় জিডি ও গত ২১ আগস্ট সদর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলা করেন। আদালত সভাপতি ও প্রধান শিক্ষককে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেন। গত ১০ অক্টোবর একই বিষয়ে হাইকোর্টে রিট করা হলে কোহিনুর বেগমকে বিদ্যালয়ে যোগদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। কিন্তু এরপরও কাকে কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না। যে কারণে হয়রানি: ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে অর্থ আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক নার্গিস সুলতানা গ্রেপ্তার ও সাময়িকভাবে বরখাস্ত হন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির মামলা হয়। ওই সময় তিনি সাড়ে তিন মাস কারাগারে ছিলেন। এই অবস্থায় ২০০৭ সালের ৩ মার্চ কোহিনূর বেগমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত ২৫ জানুয়ারি নার্গিস সুলতানার অর্থ আত্মসাৎ ও দুর্নীতির মামলা প্রত্যাহার করা হলে তিনি পদ ফিরে পান।কোহিনূর বেগম যা বললেন: ‘তত্ত্বাবধায়ক সরকারের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ায় আফজল খান আমার বিরুদ্ধে চক্রান্তে নেমেছেন। শিক্ষকদের দিয়ে জোর করে একের পর এক জিডি ও অভিযোগ করাচ্ছেন।’ তিনি দাবি করেন, কোনো শিক্ষক বা কর্মচারীর কাছ থেকে কোনো টাকা তিনি নেননি।আফজল খানের ভাষ্য: আওয়ামী লীগের নেতা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আফজল খান বলেন, ‘আমার বউ সাড়ে তিন মাস জেল খেটেছে। তাকেও (কোহিনূর বেগম) এক সপ্তাহ জেল খাটতে হবে। জেলের মজা কী জিনিস তাকে সেটা বুঝতে হবে। সহকারী প্রধান শিক্ষককে মাফ করে দেওয়ার কথা যখন ভাবি, তখন নিজের বউয়ের জেল খাটার কথা মনে পড়ে যায়। মাথাডা ঠিক থাকে না।’ তিনি দাবি করেন, শিক্ষকদের দিয়ে তিনি জিডি করাননি। শৃঙ্খলার পরিপন্থী কাজ করায় কোহিনূর বেগমকে বরখাস্ত করা হয়।প্রসঙ্গত, ১৯৯২ সালে ১৫৫ শতক অর্পিত সম্পত্তির ওপর আফজল খান কুমিল্লা মডার্ন হাইস্কুল প্রতিষ্ঠা করেন। ১৯৯৩ সালে এর শিক্ষা কার্যক্রম চালু হয়। স্কুলটিতে বর্তমানে প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী, ১২৮ জন শিক্ষক, সাতজন কর্মকর্তা ও ১৪ জন কর্মচারী রয়েছেন।