৪৮ বিদ্যালয়ে চারু ও কারুকলার শিক্ষক নেই
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চারু ও কারুকলা আবশ্যিক বিষয়। কিন্তু মিরসরাইয়ের ৪৮টি (এমপিও নেই এমন চারটিসহ) মাধ্যমিক বিদ্যালয়ে চারু ও কারুকলা বিষয়ের কোনো শিক্ষক নেই।
শিক্ষকেরা জানান, এই তিনটি শ্রেণীর শিক্ষার্থীদের অন্য বিষয়ের শিক্ষক দিয়ে কোনোমতে চারু ও কারুকলা বিষয়ের পাঠদান চলে। এ দ্রুত বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার দরকার মনে করেন শিক্ষকেরা।
মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, গত শিক্ষাবর্ষের (২০১৩) শুরু থেকে চারু ও কারুকলা বিষয় ঐচ্ছিক ছিল। কিন্তু গত বছরের ২২ আগস্ট প্রজ্ঞাপনের মাধ্যমে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাক্রমে ‘শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য’ ও ‘চারু ও কারুকলা’ আবশ্যিক করা হয়েছে। এর আগে ‘কৃষি ও গার্হস্থ্য অর্থনীতি’ বাধ্যতামূলক ছিল। এখন বিষয়টিকে ঐচ্ছিক করা হয়েছে। কিন্তু চারু ও কারুকলা বিষয়ে শিক্ষকের পদও সৃষ্টি করা হয়নি। তা ছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যমান জনবলকাঠামোয় চারু ও কারুকলা বিষয় অন্তর্ভুক্ত না থাকায়
শিক্ষক নিয়োগ এবং এমপিও পাওয়া নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্বিধায় রয়েছে।
মিরসরাই শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দীন এ বিষয়ের শিক্ষক মিরসরাই উপজেলায় নেই স্বীকার করে বলেন, চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) শিক্ষার্থীদের আশঙ্কা, এ কারণে তাদের ফলাফল শহরের থেকে খারাপ হতে পারে। তিনি শিক্ষার্থীরা যাতে এই বিষয়ে দ্রুত শিক্ষক পেতে পারে, এ ব্যাপারে সরকারকে এখনই সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান।
মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবির খান বলেন, এ বিষয়ে শিক্ষক না থাকায় গরিব শিক্ষার্থীরা বেকায়দায় পড়েছে বেশি। কারণ সচ্ছল পরিবারের শিক্ষার্থীরা এ বিষয়ে বাইরে প্রশিক্ষণ নিতে পারলেও গরিব শিক্ষার্থীরা পারে না। এ বিষয়ে দ্রুত শিক্ষক নিয়োগের জন্য সরকারি উদ্যোগ অবশ্যই প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।