৪৮ লাখ টাকার হাট ২৭ লাখে ইজারা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা হাট-বাজার এবার সাড়ে ২৭ লাখ টাকায় এক বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। অথচ গত বছর এর ইজারামূল্য ছিল ৪৮ লাখ টাকা। উপজেলা পরিষদের একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চান্দাইকোনা আদর্শ সমবায় সমিতির নামে এই হাট ইজারা নেওয়া হতো। কিন্তু এ বছর হঠাৎ করে প্রতিদ্বন্দ্বী ইজারাদার না থাকায় সাড়ে ২৭ লাখ টাকায় এটি ইজারা দেওয়া হয়। হাটসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চলতি বছর তাদের প্রায় ১৩ লাখ টাকার মতো লোকসান হয়েছে। এ বছর প্রতিদ্বন্দ্বী না থাকায় তারাই সর্বোচ্চ দামে এই হাট ইজারা নিয়েছে।উপজেলা পরিষদের একটি সূত্র জানায়, প্রতিযোগিতা না থাকলে সরকারি নিয়ম অনুযায়ী গত তিন বছরের ইজারামূল্যের গড় হিসাবে ইজারামূল্য নির্ধারণ করা হয়। এই নিয়মের সুযোগ নিয়েছেন ইজারাদার পক্ষ। অপর দিকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের সলঙ্গা হাট-বাজার এ বছর ৫১ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে। গত বছর যার ইজারামূল্য ছিল ৩০ লাখ টাকা। এ ব্যাপারে হাট-বাজার ইজারা কমিটির সদস্য এবং দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল আহাদ বলেন, ‘আমি ওই হাট ইজারার জন্য পুনরায় দরপত্র আহ্বানের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তা অগ্রাহ্য করে উপজেলা পরিষদ ইজারার সিদ্ধান্ত দিয়েছে।এ প্রসঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম আবদুস সাত্তার গতকাল সোমবার বলেন, ‘আমি পুনরায় দরপত্র আহ্বানের পক্ষে ছিলাম। কিন্তু দরদাতা সরকারি নিয়ম (তিন বছরের গড় ইজারামূল্য) মানার তাগিদ দেওয়ায় পরিষদের বেশির ভাগ সদস্যের মতামতের ভিত্তিতে ওই মূল্যে ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়।’