৪৮টি কেন্দ্রের মধ্যে ৩৭টিই ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন আজ রোববার। পৌরসভার ৪৮টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে ৩৭ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে করেছে পুলিশ প্রশাসন। তবে বিএনপি ও ইসলামী ঐক্যজোট সব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছে।
ইসলামী ঐক্যজোট সূত্রে জানা গেছে, সব কটি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বিবেচনা করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পর্যবেক্ষক প্রেরণ, প্রতিটি কেন্দ্রে নির্বাহী হাকিম নিয়োগ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য বিজিবি, র্যা ব, পুলিশ ও আনসার মোতায়েনের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক, জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন করেছেন মেয়র প্রার্থী ইউসুফ ভূঁইয়া। এ বিষয়ে বিএনপির মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা বলেন, সব কটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান প্রথম আলোকে জানান, পৌর নির্বাচনের দিন ২৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হবে। ঝুঁকিপূর্ণ ৩৭টি কেন্দ্রে পুলিশের একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে ছয়জন অস্ত্রধারী পুলিশ, সাধারণ ভোটকেন্দ্রে একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে পাঁচজন অস্ত্রধারী পুলিশ, প্রতিটি কেন্দ্রে ১২ জন লাঠিবাহী ও দুজন অস্ত্রধারী আনসার মোতায়েন করা হবে। এ ছাড়া ১২টি ওয়ার্ডে ১২টি ভ্রাম্যমাণ দল ও আটটি দাঙ্গা প্রতিরোধ দল, র্যা বের পাঁচটি ইউনিট, দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) বশিরুল হক ভূঁইয়া গতকাল প্রথম আলোকে বলেন, ৪৮টি কেন্দ্রের ২৯৭টি বুথে ভোট গ্রহণ হবে। এসব কেন্দ্রে আখাউড়া উপজেলা পরিষদের ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই পৌরসভার মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৩৭। নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ৬০ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।