৪৯ ইটভাটায় পুড়ছে কাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৯টি ইটভাটায় জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ। এতে বিপন্ন হচ্ছে পরিবেশ। প্রকাশ্যে এত কাঠ পোড়ানো হলেও প্রশাসন ভাটার মালিকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলছেন, ইটভাটায় কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ নিয়ম অমান্য করে পোড়ালে তাঁর বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার রাঙ্গামাটিয়া, কাঞ্চননগর, সুয়াবিল, নানুপুর, পাইন্দং, সুন্দরপুর, দাঁতমারা, হেঁয়াকো, বাগানবাজার, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি ইউনিয়নে স্থাপিত ৪৯টি ভাটায় দেদার ইট পোড়ানো হচ্ছে। জমি থেকে মাটি তুলে বিশালাকার স্তূপ করা হয়েছে ভাটায়। পাশেই কাঁচা ইট তৈরি করছেন কারিগরেরা। সব ভাটায় গত ডিসেম্বর মাস থেকে ইট পোড়ানো শুরু হয়েছে। কিন্তু কোনো ভাটায় কয়লা নেই। জ্বালানি হিসেবে সবখানেই ব্যবহার করা হচ্ছে কাঠ।
অভিযোগ আছে, পরিবেশ অধিদপ্তর, জেলা-উপজেলা প্রশাসনের সংশিষ্ট কর্মকর্তাদের মাসোয়ারা দিয়ে এসব ভাটাগুলোতে কাঠ পোড়ানো হচ্ছে। ভূজপুরের কয়েকটি ভাটায় মাটি কাটার ঠিকাদার হিসেবে কাজ করা মো. বেলাল উদ্দিন জানান, এখানকার ৩৭টি ইটভাটায় গত এক মাসে যে কাঠের গুঁড়ি ও বাঁশের মুড়া সংগ্রহ করা হয়েছে, তার পরিমাণ চার থেকে পাঁচ হাজার মেট্রিক টন হবে। শীতের তীব্রতার সঙ্গে বাড়ে এসব কাঠের ওজনের পরিমাণও। হারুয়ালছড়ি গ্রামের এবিএম ব্রিকসের মালিক আমান উল্লাহ চৌধুরী বলেন, ‘অবরোধের কারণে চট্টগ্রাম নগর থেকে কয়লা আনতে পারিনি। তাই নিরুপায় হয়ে কাঠের ব্যবহার করেছি। তবে কয়লা আনতে পারলেই কাঠ পোড়ানো বন্ধ করে দেব।
একাধিক ইটভাটার মালিক নাম প্রকাশ না করে বলেন, কয়লার চেয়ে কাঠের দাম অনেক কম। তাই কাঠ কিনে ভাটার পাশে জমা রেখে ব্যবহার করা হয়। কিছু কয়লা রাখলেও তা অনেকটাই লোক দেখানো।
ফটিকছড়ি পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি সোলাইমান আকাশ বলেন, কয়লার পরিবর্তে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের ফলে দূষিত হচ্ছে এখানকার আবহাওয়া, বিপন্ন হচ্ছে পরিবেশ। উপজেলার হাসনাবাদ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শহীদুল আলম বলেন, ভাটায় পোড়ানোর জন্য মালিক কর্তৃপক্ষ কাঠ স্তূপ করেছেন বলে জানতে পেরেছি। প্রশাসনের সহায়তা নিয়ে অভিযান চালিয়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’