৪৯ চাঁদাবাজের বিরুদ্ধে ডিএসসিসির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তান ও আশপাশের এলাকার সড়ক-ফুটপাতে অবৈধ দোকানপাট বসিয়ে চাঁদাবাজির অভিযোগে ৪৯ জনের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার ডিএসসিসির সহকারী সম্পত্তি কর্মকর্তা সামছুল আলম বাদী হয়ে পল্টন থানায় এই মামলা করেন। এ ছাড়া শাহবাগ থানায় সাতজন ও মতিঝিল থানায় আরও নয়জনকে আসামি করে আরও দুটি মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে৷

ডিএসসিসির সম্পত্তি বিভাগের একাধিক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করছে একটি স্বার্থান্বেষী মহল। এসব দোকানপাট একাধিকবার উচ্ছেদ করেছে ডিএসসিসি। কিন্তু কিছুদিনের মধ্যে আবার ফুটপাতে দোকানপাট বসিয়ে চাঁদা আদায় করে তারা। পরে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদন, হকার্স পুনর্বাসন কমিটির সদস্য ও বাংলাদেশ হকার্স লীগ কেন্দ্রীয় কমিটির দেওয়া চাঁদাবাজদের তালিকা অনুযায়ী ওই ৪৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

জানতে চাইলে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, ঢাকা শহরের ফুটপাত পথচারীবান্ধব করতে উচ্চ আদালতের নির্দেশ রয়েছে। গত ১৫ জানুয়ারি থেকে ওই এলাকাগুলোতে দিনের বেলা হকার বসা নিষিদ্ধ করা হয়। কিন্তু হকাররা তা না মানায় টানা উচ্ছেদ অভিযান চালাচ্ছে ডিএসসিসি। এখন গুলিস্তান ও আশপাশের এলাকায় দিনের বেলা ফুটপাতে বসেন না হকাররা। স্বচ্ছন্দে চলাচল করছেন পথচারীরা। এভাবে নিউমার্কেটসহ শহরের অন্যান্য এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে। তিনি বলেন, হকারদের ফুটপাতে বসতে উৎসাহ দিচ্ছে ওই চাঁদাবাজেরা। তাই তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি।

পল্টন থানায় দায়ের করা মামলার নম্বর ১৯। এই মামলার ১ নম্বর আসামি হলেন হারুন ওরফে ‘লম্বা হারুন’। তিনি মুন্সিগঞ্জের তাপসীর নাজিম উদ্দিনের ছেলে ৷ এই মামলায় ৪৯ জনের নাম থাকলেও এই হারুন ছাড়া বাকিদের বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি ৷ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম৷

নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসসিসির একাধিক কর্মকর্তা বলেন, আগে গুলিস্তান ও পুরানা পল্টনে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সড়ক ও ফুটপাতে হকার বসিয়ে দোকানপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করত মামলায় উল্লেখিত আসামিরা। এতে পথচারী ও যানবাহন চলাচলে ব্যাপক সমস্যা হয়। তারা উচ্ছেদ অভিযান পরিচালনাকালে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদেরও লাঞ্ছিত করেছে। এ ছাড়া এই চক্রটি ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সময় ‘ভয়ভীতিও’ দেখাচ্ছে। এসব বিষয় মামলার এজাহারে উল্লেখ করা হয়৷

হকারদের প্রতিবাদ: এদিকে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করতে আন্দোলন অব্যাহত রেখেছেন হকাররা। দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ভুখা সমাবেশ করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। সমাবেশে হকাররা বলেন, জোর করে ফুটপাত থেকে হকার উচ্ছেদ করা যাবে না৷ অবিলম্বে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে ৷
হকারদের দাবির বিষয়ে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, স্বার্থে আঘাত লাগায় হকার নামধারী লোকদের টাকা দিয়ে মিছিল করাচ্ছে চাঁদাবাজেরা। এর সঙ্গে রাজনৈতিক নামধারী কিছু লোকও রয়েছে। কিন্তু ডিএসসিসির তার সিদ্ধান্তে অনড় রয়েছে। কোনোক্রমেই দিনের বেলা ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না।