৪৯ দিন পর স্বামীর লাশ পেলেন শাহিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ মার্চ রাজশাহীর বাগমারা গ্রামের শ্রমিক শারাফত আলী মারা যান। অবশেষে স্বামীর লাশ ফিরে পেলেন শাহিদা বিবি। ৪৯ দিন পর লাশ দেশে পৌঁছার পর গত মঙ্গলবার রাতে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
শারাফত আলী ওমানে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে সে দেশের রোস্তাক শহরের আরজিএইচ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় চিকিৎসার জন্য বাংলাদেশের স্থানীয় দুই দালাল চিকিৎসার খরচ বাবদ দুই লাখ টাকা দাবি করেন। পরে তাঁর স্ত্রী শাহিদা জমিজমা বিক্রি করে ৯ মার্চ দেড় লাখ টাকা পাঠিয়েছিলেন। মৃত্যুর পর তাঁরা আরও টাকা দাবি করেন। এ ছাড়া হাসপাতালের খরচ বহন না করলে লাশ দেবে না বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়। ফলে দেশে তাঁর লাশ আনা অনিশ্চিত হয়ে পড়ে। এ নিয়ে গত ২১ মার্চ প্রথম আলোয় ‘লাশটা দেশে এনে কবর দিতে চাই’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।
শাহিদা বলেন, স্বামীর লাশ আনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে তিনি ওমানের রাষ্ট্রদূতের কাছে লাশ ফেরত পেতে আবেদন করেন। এরপর রাষ্ট্রদূত ওমানের রোস্তাক শহরের আরজিএইচ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে লাশ আনার ব্যবস্থা করেন। অবশেষে গত মঙ্গলবার দুপুরে স্বামীর লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। পরে একটি অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে এসে রাত সাড়ে ১১টায় তাঁকে দাফন করা হয়।
শাহিদা আরও বলেন, দীর্ঘদিন পর হলেও স্বামীর লাশ দেশে এনে দাফন করতে পেরেছেন, এটাই সান্ত্বনা। তিনি এ জন্য প্রথম আলো ও ওমানের রাষ্ট্রদূতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এখন তিনি তিন শিশুসন্তান নিয়ে উদ্বিগ্ন। তাঁদের নিয়ে কীভাবে সংসার চালাবেন, এটাই এখন তাঁর ভাবনা।