বিবৃতিদাতা ৪৯ জনের বিষয়ে আদেশ ২৩ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ নাগরিক ডেভিড বার্গম্যানের সাজা প্রত্যাহারের দাবি জানিয়ে প্রকাশিত সম্পাদকীয়র বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য নিউইয়র্ক টাইমস-এর ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে বিবৃতিদাতা ৪৯ জনের বিষয়ে আদেশের দিন পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এই তারিখ হচ্ছে ২৩ ফেব্রুয়ারি।

আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।

আগামীকাল বৃহস্পতিবার ৪৯ বিবৃতিদাতার বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। আজ ট্রাইব্যুনাল-২ আদেশের দিন ২৩ ফেব্রুয়ারি পুনর্নির্ধারণ করে বলেন, ২০ ফেব্রুয়ারির মধ্যে নিউইয়র্ক টাইমসকে তাদের সম্পাদকীয়র বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে ওই জবাব পাঠাতে হবে।

গত বছরের ২৩ ডিসেম্বর নিউইয়র্ক টাইমস পত্রিকায় ‘মাজলিং স্পিচ ইন বাংলাদেশ’ শীর্ষক একটি সম্পাদকীয় ছাপা হয়। এতে আদালত অবমাননার দায়ে বার্গম্যানকে দেওয়া ট্রাইব্যুনালের সাজা প্রত্যাহারের দাবি জানানো হয়।

দেশের ৫০ নাগরিকের দেওয়া বিবৃতির ওপর ভিত্তি করে গত বছরের ২০ ডিসেম্বর সংবাদপত্রে ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। পরে অবশ্য মানবাধিকারকর্মী খুশী কবির বিবৃতি থেকে তাঁর নাম প্রত্যাহার করেন।

গত ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল এক আদেশে ৪৯ জন বিবৃতিদাতার কাছে তাঁদের বিবৃতির বিষয়ে ব্যাখ্যা জানতে চান। ২৭ জানুয়ারি ৪৯ বিবৃতিদাতার মধ্যে ১৪ জন ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চান। নয়জন ট্রাইব্যুনালে নিজে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেন। দেশের বাইরে থাকা ১২ জনকে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে (পররাষ্ট্র মন্ত্রণালয়) ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।