৪৯ বিবৃতিদাতার মধ্যে ১৪ জনকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ নাগরিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে বিবৃতিদাতা ৪৯ জনের মধ্যে ১৪ জনকে আদালত অবমাননার অভিযোগের কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁরা ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল সোমবার এ আদেশ দেন। বিবৃতিদাতা বাকি ৩৫ জনের অবস্থান স্পষ্টভাবে ব্যাখ্যা করার জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করা হয়েছে। তাঁদের বিষয়ে ট্রাইব্যুনাল বলেন, এই ৩৫ জনের মধ্যে কেউ কেউ তাঁদের ব্যাখ্যায় দুঃখ প্রকাশ করেছেন। আবার একই সঙ্গে তাঁদের বিবৃতির পক্ষে যুক্তি তুলে ধরেছেন, যা গ্রহণযোগ্য নয়। আবার কেউ কেউ ক্ষমা চাইলেও তা সঠিক পদ্ধতিতে করা হয়নি। এ জন্য ওই ৩৫ জনকে ৩ মার্চ তাঁদের অবস্থান স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে। ওই দিন যুক্তরাষ্ট্রভিত্তিক দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস-এর বিষয়েও পরবর্তী আদেশ দেবেন ট্রাইব্যুনাল।
অব্যাহতিপ্রাপ্ত ১৪ জন হলেন: সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান ও রাশেদা কে চৌধূরী, সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আসিফ নজরুল, শাহনাজ হুদা ও আমেনা মহসীন, বাংলাদেশ শিশু বিকাশ কেন্দ্রের জাতীয় সমন্বয়ক নায়লা জামান খান, সংগীতশিল্পী অরূপ রাহী, লেখক শাহীন আখতার এবং মানবাধিকারকর্মী জাকির হোসেন ও ইলিরা দেওয়ান। তাঁদের বেশির ভাগই ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।