৪৯ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধতার দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শান্তিনগর বাজারের সামনের রাস্তা৷ গতকাল সকালের বৃষ্টির পানি ছিল বিকেলেও৷ বেলা আড়াইটায় তোলা ছবি l প্রথম আলো
শান্তিনগর বাজারের সামনের রাস্তা৷ গতকাল সকালের বৃষ্টির পানি ছিল বিকেলেও৷ বেলা আড়াইটায় তোলা ছবি l প্রথম আলো

সকাল আটটা থেকে প্রায় দুই ঘণ্টার বৃষ্টিতে গতকাল সোমবার তলিয়ে গিয়েছিল রাজধানী ঢাকার অনেক এলাকা। এ সময়ে ভারী বৃষ্টি হয়েছে প্রায় ৪৫ মিনিট। আবহাওয়া অধিদপ্তর গতকাল দুপুর ১২টায় বৃষ্টিপাত রেকর্ড করেছে ৪৯ মিলিমিটার। এই বৃষ্টিতে গতকাল সকালে সরকারি-বেসরকারি চাকরিজীবী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়।  
ঢাকা ওয়াসা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা ওয়াসার ভূগর্ভস্থ গভীর নর্দমা লাইন এবং ঢাকা সিটি করপোরেশনের ভূউপরিস্থ (সারফেজ ড্রেন) নর্দমা লাইন পুরোপুরি পরিষ্কার না করায় গতকাল জলাবদ্ধতা বেশি হয়েছে। পানি ধরে রাখার জন্য রাজধানীতে যেসব জলাশয় ও খাল রয়েছে, সেগুলোর বেশির ভাগ ভরাট ও দখল হয়ে যাওয়ায়জলাবদ্ধতা স্থায়ী হয়।
নিম্ন আয়ের মানুষজন; বিশেষ করে রিকশা, অটোরিকশাচালকদের মতো শ্রমজীবীরা জীবিকার তাগিদে গতকাল সকালেও রাস্তায় নামেন। তাঁদের মধ্যে অনেকে সুযোগ বুঝে বাড়তি ভাড়া হাঁকেন বলেও যাত্রীরা অভিযোগ করেছেন। গতকাল সকালে খোলা হয় অনেক বিপণিবিতানও। কিন্তু বৃষ্টি ও জলাবদ্ধতায় ক্রেতা-বিক্রেতা সবাইকে পড়তে হয় চরম ভোগান্তিতে।

ঢাকার উত্তরায় খুব কম অংশেই ওয়াসার ড্রেনেজ লাইন রয়েছে। গতকাল বিভিন্ন সেক্টরে পানি জমে যায়। বৃহত্তর মিরপুর এলাকায় ৮০ ভাগ অংশে নর্দমা লাইন নেই বলে ওয়াসা সূত্র জানায়। গত বছরের শেষ দিকে মিরপুর ১০ থেকে ১৪ নম্বর সেকশন পর্যন্ত প্রধান সড়কপথ সংস্কারের অংশ হিসেবে কিছু নর্দমা লাইন করা হয়েছিল। কিন্তু পর্যাপ্ত চওড়া লাইন না করায় সেখানেও  জলাবদ্ধতা হয়েছে। মিরপুর ১৩ নম্বরেন্যাম ভবনের সামনেপ্রায় হাঁটুপানি জমে যায়। জলাবদ্ধতায় সড়ক ও নর্দমা একাকার হয়ে যাওয়ায় বনফুল আদিবাসী ​িগ্রনহার্ট কলেজের সামনে সকাল সাড়ে ১০টার দিকে একটি রিকশা উল্টে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক সন্ধ্যায় প্রথম আলোয় ফোন করে প্রশ্ন করেন, এত টাকা খরচ করে রাস্তা ও নর্দমা বানিয়ে কী লাভ হলো?

ঢাকা ওয়াসার ড্রেনেজ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকি মোস্তফা চৌধুরী বলেন, পানি নেমে যাওয়ার জন্য গতকাল অন্তত ১০০টি ম্যানহোলের ঢাকনা খুলে দেওয়া হয়। নিষ্কাশনের জন্য রামপুরা ও গোপীবাগ টিটিপাড়াসংলগ্ন এলাকায় পাম্পও চালু করা হয়। তিনি বলেন, গতকালের জলাবদ্ধতাকে ঠিক জলাবদ্ধতা বলা যাবে না, নগরের নিচু এলাকায় কিছুক্ষণ জলজট ছিল।

যদিও গতকাল বেলা তিনটার পরও পুরান ঢাকার অভয় দাস লেন, কে এম দাস লেন, আরামবাগ, ফকিরেরপুল, নয়াপল্টন, শান্তিনগর, তল্লাবাগ, শুক্রাবাদসহ বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা যায়৷