৪৯ শিক্ষার্থী পরিবারের সঙ্গে খোলা আকাশের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর কুটিয়ালপাড়া গ্রামের মতিউর রহমানের মেয়ে মোরছালিনা খাতুন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী। সে কাশিয়াবাড়ি উচ্চবিদ্যালয়ের ছাত্রী। মাত্র ছয় মাস পরই তার পরীক্ষা। কিন্তু বই-খাতা আগুনে পুড়ে যাওয়ায় তার পড়াশোনা বন্ধ রয়েছে। এক কাপড়ে কোনোরকমে মা-বাবার সঙ্গে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে তাকে। শুধু মোরছালিনা নয়, রহিমাপুর কুটিয়ালপাড়া গ্রামের স্কুলপড়ুয়া ৩৫ জন শিক্ষার্থী ও হাড়িয়াকুঠি ইউনিয়নের পাচানি গ্রামের ১৪ জন শিক্ষার্থীর একই অবস্থা।

১৯ এপ্রিল রাত সাড়ে নয়টায় রহিমাপুর কুটিয়ালপাড়া গ্রামে মশা তাড়ানোর কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গ্রামের ৩৭টি পরিবারের ৬৪টি ঘর ও শিক্ষার্থীদের বই-খাতা পুড়ে যায়।

আগের দিন ১৮ এপ্রিল চুলার আগুন থেকে পাচানি গ্রামের ১৮টি পরিবারের ২৭টি ঘর ও শিক্ষার্থীদের বই-খাতা পুড়ে যায়। কাপড়চোপড় ও বই-খাতা না থাকায় দুই গ্রামের শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না। তাদের মা-বাবার সঙ্গে খোলা আকাশের নিচে খেয়ে না-খেয়ে থাকতে হচ্ছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে এই অবস্থা চললেও সরকারিভাবে পরিবারগুলোকে কোনো সহযোগিতা করা হয়নি।

গত শুক্রবার কুটিয়ালপাড়া গ্রামে সরেজমিনে দেখা গেছে, আমজাদ হোসেন চুলায় ডাল আর কয়েক টুকরো আলু বসিয়েছেন। সাত সদস্যের পরিবারে দুপুরের খাবার বলতে এতটুকুই। চুলার পাশে দুটি চৌকিতে পড়ছে কাঠফাটা রোদ। ওই চৌকিতেই রাতে ঘুমায় আমজাদের পরিবারের সদস্যরা।

আমজাদের স্ত্রী রেবেকা খাতুন বলেন, ‘আমার দুই ছেলেমেয়ে স্কুলে পড়ে। তাদের পড়ালেখার বই নেই, ঘরে খাবার নেই। যা খাবার ছিল সবই আগুনে পুড়ে গেছে। বাচ্চারা স্কুলে যেতে পারছে না। আমরা কীভাবে বেঁচে আছি কেউ খবরও নিচ্ছে না।’

কুর্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তুহিনুর ইসলাম বলেন, ৩৭টি পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। কেউ এক মুঠো চালও দেয়নি। পাচানি গ্রামে ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে মানবেতর জীবনযাপন করতে দেখা গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আযম বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করা হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিপিকা দত্ত ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম বলেন, শিগগিরই খোঁজ নিয়ে শিক্ষার্থীদের স্কুলে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।