৪৯ হাজার স্বেচ্ছাসেবক নিষ্ক্রিয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে দেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) মতো একটি প্রশিক্ষিত ও দুর্যোগ মোকাবিলার কাজে দক্ষ স্বেচ্ছাসেবী সংস্থার কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির আওতায় বরগুনাসহ দেশের উপকূলীয় পটুয়াখালী, ভোলা, বরিশাল, বাগেরহাট, পিরোজপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় প্রায় ৪৯ হাজার প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক রয়েছেন। এই ১১টি জেলার ৩২টি উপজেলায় দুই হাজার ৮৪৫টি ইউনিটের মাধ্যমে দুর্যোগ প্রশমনে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তাঁরা। এক বছর আগে খুলনা ও সাতক্ষীরার চারটি উপজেলাকে সিপিপির কর্ম এলাকার আওতাভুক্ত করা হলেও সেসব উপজেলায় এখনো কাজ শুরু হয়নি।বরগুনা জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের কর্মকর্তারা জানান, সিপিপির স্বেচ্ছাসেবকেরা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সুনামিসহ সব ধরনের প্রাকৃতিক দুর্যোগের আগে সংকেত প্রচার, অনিরাপদ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া, জরুরি উদ্ধার তৎপরতা, আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং জরুরি ত্রাণ-সহায়তা বিতরণসহ দুর্যোগকালীন সব ধরনের কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বরগুনার বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা জানান, ২০০১ সালের পর সিপিপির কার্যক্রমে ক্রমশ ভাটা পড়তে শুরু করে। ওই বছর থেকে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ, সংকেত প্রচারের জন্য ব্যবহূত সরঞ্জাম যেমন: হ্যান্ডমাইক, টর্চলাইট, ছাতা, বর্ষাতি, জুতা, রেডিও সরবরাহ করা হয়নি।একটি সূত্র জানায়, সিপিপির কর্ম এলাকা ১১টি জেলায় ১১ জন উপপরিচালক এবং ৩২টি উপজেলায় ৩২ জন সহকারী পরিচালক রয়েছেন। তৃণমূল পর্যায়ে আবহাওয়ার খবরাখবর আদান-প্রদানের জন্য মাঠপর্যায়ে ৬০ জন ভিএইচএফ (ভেরি হাই ফ্রিকোয়েন্সি) ওয়্যারলেস অপারেটর রয়েছেন। এসব ওয়্যারলেস সেট রক্ষণাবেক্ষণের অভাবে বেশির ভাগই এখন অকেজো।সিপিপির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানান, ২০০১ সালে এই সংগঠনের কার্যক্রম ও কর্তৃত্ব নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সিপিপির সঙ্গে মতানৈক্য দেখা দেয়। সিপিপির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা চান, সিপিপির কর্মকর্তাদের মধ্য থেকেই পরিচালক (প্রশাসন) পদে পদোন্নতি দিয়ে কাউকে নিয়োগ দেওয়া হোক। অপরদিকে, রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দুর্যোগ মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তার সিপিপির পরিচালক (প্রশাসন) পদে অতিরিক্ত দায়িত্বে থাকার পক্ষে অবস্থান নেন। এরই জের ধরে ২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর সিপিপির কার্যক্রম বাস্তবায়ন কমিটির ৩৯তম সভায় সিপিপির তৎকালীন উপপরিচালক রুহুল আমিনকে পদোন্নতি দিয়ে পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। কিন্তু রেড ক্রিসেন্ট সোসাইটির তৎকালীন কর্তৃপক্ষ তাঁকে দায়িত্বভার হস্তান্তর করেনি। পরে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তৎকালীন যুগ্ম সচিব সফিকুল ইসলামকে সিপিপির পরিচালক (প্রশাসন) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও কার্যক্রমে কোনো গতি আসেনি। এতে সিপিপির ওপর রেড ক্রিসেন্ট সোসাইটির কর্তৃত্বও বজায় থাকে। বর্তমানেও সিপিপির পরিচালক (প্রশাসন) পদে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একজন উপসচিব দায়িত্ব পালন করছেন।বরগুনায় সিপিপির ছয় হাজার স্বেচ্ছাসেবক বর্তমানে নিষ্ক্রিয় ও হতাশ হয়ে পড়েছেন জানিয়ে তালতলী থানার দলনেতা জয়দেব হাওলাদার বলেন, ‘আমাদের তো টাকার দরকার নেই। মানুষের জীবন বাঁচাতে প্রয়োজনীয় উপকরণ, আমাদের কর্মীদের সংগঠিত ও দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, সমাবেশ—এগুলোই আমাদের চাহিদা। অথচ এটাও আজ প্রায় ১০ বছর ধরে বন্ধ থাকায় সিপিপি এখন অভিভাবকহীন সংস্থায় পরিণত হয়েছে।’ সংস্থাটির বরগুনা কার্যালয়ের উপপরিচালক হাফিজ উদ্দীন আহাম্মদ এসব সমস্যার কথা স্বীকার করে বলেন, যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবে সংগঠনটি ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে। সিপিপির পরিচালক (প্রশাসন) মো. আবদুল আহাদ বলেন, ‘আমি সিপিপির দায়িত্ব নেওয়ার পর এ ধরনের কোনো বিভাজন টের পাইনি। তবে আর্থিক সংগতি না থাকায় সিপিপির কর্মকর্তা-স্বেচ্ছাসেবকদের কাজে নানা সমস্যা আছে, এটা ঠিক।’