৪৯টি গাছ কাটায় ঠিকাদারকে কারণ দর্শানো নোটিশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ২৯টি গাছের নিলাম হলেও ৪৯টি গাছ কেটে নেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখাকে বিষয়টি খতিয়ে দেখে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন দেওয়ার নির্দেশও দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শেখ রাসেল হলের নির্মাণকাজের এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি অফিসের কর্মচারী বকুল জোয়ার্দ্দারকে নিলামের মাধ্যমে গত বৃহস্পতিবার ৫৩ হাজার টাকায় ২৯টি গাছ কাটার অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিলাম পাওয়ার পর ওই ঠিকাদার নিলামের শর্ত ভঙ্গ করে গত শনিবার পর্যন্ত ৪৯টির মতো গাছ কেটে নেন।
এ-সংক্রান্ত একটি প্রতিবেদন গতকাল সোমবার প্রথম আলোয় প্রকাশিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঠিকাদার বকুল জোয়ার্দ্দারকে অতিরিক্ত গাছ কেন কাটা হলো এবং তাঁর বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে মর্মে কারণ দর্শানোর একটি নোটিশ দেওয়া হয়েছে। আগামী বুধবারের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে বকুল জোয়ার্দ্দারকে।
এদিকে ঘটনাটি অধিকতর খতিয়ে দেখতে এ-সংক্রান্ত কাজের সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী বুধবারের মধ্যে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ব্যাপারে প্রক্টর মাহবুবর রহমান গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘অতিরিক্ত গাছ কাটার অভিযোগ এবং সংবাদমাধ্যম থেকে বিষয়টি অবগত হয়ে ঠিকাদারকে শোকজ (কারণ দর্শানো) করা হয়েছে এবং বিষয়টি অধিকতর খতিয়ে দেখতে এস্টেট শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে, এস্টেট শাখার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’