৪৯০ টাকা মণ ধান কৃষকের লোকসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারি ক্রয়কেন্দ্রে ধান সংগ্রহ অভিযান শুরু হয়নি। এ কারণে প্রয়োজনের তাগিদে বাধ্য হয়ে কৃষক কম দামে ধান বাজারে বিক্রি করছেন। এতে কৃষকের লোকসান গুনতে হচ্ছে।চলতি মৌসুমে সরকার ধানের দাম কেজিপ্রতি সাড়ে ১৮ টাকা নির্ধারণ করে দিলেও কৃষকেরা সে দাম পাচ্ছেন না। সরকার নির্ধারিত মণপ্রতি ৭৪০ টাকা দরের চেয়ে প্রায় ২৫০ টাকা কম দরে ধান বিক্রি হচ্ছে।উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় এবার সরকারিভাবে ৭২৬ মেট্রিক টন ধান ও তিন হাজার ১৬৪ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। খাদ্যগুদামে প্রতি কেজি ধান সাড়ে ১৮ টাকা এবং চাল ২৯ টাকা দরে কেনা হবে বলে ঘোষণা করা হয়েছে। সরকারিভাবে বোরো ধান এবং চাল ক্রয় শুরুর ঘোষিত সময়ের তিন সপ্তাহ পার হয়ে গেলেও এ উপজেলার খাদ্য বিভাগ তা শুরু করতে পারেনি। এদিকে এক মাস আগেও বাজারে প্রতি মণ ধান ৭০০ টাকায় বিক্রি হলেও কৃষকের ঘরে ধান আসতে শুরু করার সঙ্গে সঙ্গে দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। বাজারে এখন নতুন বোরো ধান বিক্রি হচ্ছে ৪৯০ থেকে ৫১৫ টাকায়। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিঘায় তাঁদের কয়েক হাজার টাকা লোকসান গুনতে হবে।২০ মে উপজেলার বুড়িগঞ্জ হাটে গিয়ে কথা হয় ছাতুয়া গ্রামের কৃষক নজরুল ইসলাম নামের এক ধান বিক্রেতার সঙ্গে। তিনি বলেন, এবার ধানের দাম একেবারেই কম। ধনী ব্যক্তিরা এখন কৃষকদের কাছ থেকে কম মূল্যে ধান কিনে পরে সরকারি ক্রয়কেন্দ্রে বেশি দামে বিক্রি করবেন। একই গ্রামের কৃষক আফজাল হোসেন জানান, তিনি সংসারের খরচ মেটাতে চার মণ ধান হাটে বিক্রি করতে এনেছিলেন। প্রতি মণ ধান ৪৮০ টাকা দরে বিক্রি করেছেন। এর বেশি পাইকাররা দিতে চান না। গতকাল শুক্রবার উপজেলার বিভিন্ন বাজারে ধান ৪৯০ থেকে ৫১৫ টাকা মণ দরে বিক্রি করতে দেখা গেছে।উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল জানান, চলতি মৌসুমে এ উপজেলার ২১ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ হচ্ছে। এখন পর্যন্ত নতুন ধানের যে বাজারদর, তাতে এবার কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উপজেলায় ধান-চাল সংগ্রহ শুরু না হওয়া প্রসঙ্গে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বদরুল আলম বলেন, ‘উপজেলা কৃষি অফিস এখনো কৃষকদের তালিকা পাঠায়নি। এ তালিকা পেলেই ধান কেনা শুরু হবে।’