৪৯২ একর জমি ভূমিদস্যুদের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় চলনবিল মত্স্য উন্নয়ন প্রকল্পের আওতাধীন সতী বিলের ৪৯২ একর খাসজমি ভূমিদস্যুরা দখল করে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ওই বিলে থাকা প্রকল্পের কোটি টাকার মাছ মত্স্যজীবী সমিতির সদস্যরা ধরতে পারছেন না।উপজেলা মত্স্য কার্যালয় সূত্রে জানা গেছে, সতী বিল এলাকার মত্স্য উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা প্রশাসকের কাছে ভূমি মন্ত্রণালয় ২০০৭-০৮ অর্থবছরে ৪৯২ একর খাসজমি হস্তান্তর করে। পরে ওই জমি সতী বিল মত্স্যজীবী সমিতিকে বুঝিয়ে দেওয়া হয়। এ সমিতির সদস্যসংখ্যা দেড় হাজার। জানা যায়, এ প্রকল্পের আওতায় গত মৌসুমে সরকার দুই মেট্রিক টন এবং সমিতি নিজস্ব তহবিল থেকে আরও এক মেট্রিক টন মাছ ছাড়ে। এ ছাড়া বিলে আরও এক মেট্রিক টন প্রাকৃতিক মাছ রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, বিলে চাষের ৬৫ লাখ ও প্রাকৃতিক ৪০ লাখ টাকার মাছ রয়েছে। এদিকে সমিতি একাধিকবার মাছ ধরার চেষ্টা চালিয়েও ভূমিদস্যুদের বাধার কারণে পারছে না।উপজেলা মত্স্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, উপজেলার বেড়াবাড়ি, খালিসপুর, বড়কয়া, গুয়াবাড়ি, সিন্ধুলং ও দ্বীপপুরের ৬৭ ভূমিদস্যুর দখলে রয়েছে প্রকল্পের ৪৯২ একর খাসজমি। এদের তালিকা জেলা প্রশাসক, জেলা মত্স্য কর্মকর্তা, ভূমি মন্ত্রণালয়, থানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে পাঠানো হয়েছে। তাঁরা খাসজমিতে কুয়া খনন করে সেগুলো নিজেদের দখলে রেখেছেন। মাছগুলো সেখানেই আশ্রয় নিয়েছে। তাঁদের দখলে থাকায় প্রায় কোটি টাকার মাছ বেহাত হতে চলেছে।সতী বিল মত্স্যজীবী সমিতির সভাপতি মহির উদ্দিন জানান, কয়েকজন ভূমিদস্যুর কারণে তাঁরা মাছ ধরতে পারছেন না। বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূমিদস্যুদের তালিকা পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।