
সিলেট সিটি করপোরেশনের জন্য ৪৯৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার নগরের একটি অভিজাত রেস্তোরাঁর মিলনায়তনে মেয়র আরিফুল হক চৌধুরী এ বাজেট ঘোষণা করেন।
দুপুর সাড়ে ১২টায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধি ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন। অতীতের যেকোনো সময়ের তুলনায় সিটি করপোরেশনের আয় এখন অনেক বেশি বলে মেয়র তাঁর বাজেট বক্তৃতায় জানিয়েছেন।
২০১৭-১৮ অর্থবছরের জন্য ঘোষিত এ বাজেটে ৪৯৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরে বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেটে সিটি করপোরেশনের নিজস্ব খাত থেকে ৮৩ কোটি ১৭ লাখ ৭৮ হাজার টাকা আয় হবে বলে ধরা হয়েছে এবং বাকি আয় সরকারি উন্নয়ন কর্মসূচি, সরকারি বিশেষ মঞ্জুরি ও অনুদান থেকে পাওয়া যাবে বলে উল্লেখ করা রয়েছে। পুরো বাজেট অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।
আরিফুল হক জানান, বাজেটে সাধারণ সংস্থাপন খাতে ২২ কোটি ৯১ লাখ টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি ব্যয় ৮ কোটি ৯০ লাখ টাকা, রাজস্ব খাতে অবকাঠামো উন্নয়ন বাবদ ৩৪ কোটি ৪০ লাখ টাকা খরচ হবে। এ ছাড়া মহানগরের অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধীনে ১০০ কোটি টাকা, নগরের ছড়া-খাল সংরক্ষণ ও আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণে ৮০ কোটি টাকা, সরকারি উন্নয়ন কর্মসূচির আওতায় ২০ কোটি টাকা এবং সরকারি বিশেষ মঞ্জুরি খাতে ১০ কোটি টাকা খরচ হবে।
মেয়র আরিফুল হক তাঁর বাজেট বক্তৃতায় আরও বলেন, ‘সুষ্ঠু পরিকল্পনার অভাব অথবা পরিকল্পনা বাস্তবায়নে অবহেলার কারণে জলাবদ্ধতা সমস্যার সৃষ্টি হয়েছে। নগরের ভেতর দিয়ে প্রবাহিত ৯টি ছড়ার (পানিপ্রবাহের প্রাকৃতিক খাল বিশেষ) স্থানে স্থানে ব্যক্তিমালিকানাধীন বহুতল ভবন ও স্থাপনা, বর্জ্য-আবর্জনার স্তূপের কারণে ছড়ার চিহ্নই থাকেনি। আমি ছড়া থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি এসব সচল করার নানামুখী উদ্যোগ নিই।’