চলতি অর্থবছরে (২০০৯-১০) বাংলাদেশ পাঁচ হাজার ৯৫০ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করবে। এর মধ্যে চার হাজার ৫৫০ কোটি টাকা আসল এবং এক হাজার ৪০০ কোটি টাকা সুদ হিসেবে পরিশোধ করা হবে, যা এ বছরের মোট বাজেটের ৫ দশমিক ৩৬ শতাংশ।জাতীয় সংসদে গতকাল সোমবার শফিকুল ইসলামের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান। এর আগে বিকেল পাঁচটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এ সময় বিরোধী দল সংসদে অনুপস্থিত ছিল। গত রোববার রাতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন।চট্টগ্রামের সাংসদ আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, কর ফাঁকি রোধ এবং নতুন করদাতার সন্ধানে বর্তমান সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। নতুন করদাতা শনাক্ত করতে জরিপকাজ চলছে। চলতি বছর নতুন চার লাখ করদাতা চিহ্নিত করার জন্য সারা দেশে জরিপদল কাজ করছে। কর ফাঁকি বন্ধে আয়কর রিটার্ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।