৫ অক্টোবর 'বাংলাদেশ রুখে দাঁড়াও'-এর জাতীয় কনভেনশন
আগামী ৫ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’-এর জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে।এ ছাড়া ২০ সেপ্টেম্বর খুলনায় এবং ২৭ সেপ্টেম্বর রাজশাহীতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’-এর সদস্য ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী। এতে মূল বক্তব্য পড়েন সারওয়ার আলী।
মূল বক্তব্য পাঠ শেষে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, রামুর ঘটনার পরও সাম্প্রদায়িক তত্পরতা রোধ করা যায়নি। একটি অসাম্প্রদায়িক সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও এসব ঘটনা ঘটেছে। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নির্মূলে যদি স্থানীয় মানুষ মাথা উঁচু করে দাঁড়ায়, তবেই আক্রমণকারীরা প্রতিহত হবে। তিনি আরও বলেন, ‘একাত্তরে আমরা যে বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’
কামাল লোহানী বলেন, ৪২ বছর ধরে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির উত্থান ঘটেছে, তাদের মোকাবিলা করার জাতীয়ভাবে কোনো চেষ্টা হয়নি, খণ্ডিতভাবে চেষ্টা হয়েছে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা ঐক্যবদ্ধ, কিন্তু পক্ষের শক্তি খণ্ডবিখণ্ড। পক্ষের শক্তিদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।
সুলতানা কামাল বলেন, ধর্মকে নিয়ে অপপ্রচার ও মিথ্যাচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি বলেন, ‘একটা অদ্ভুত অবস্থার মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি। ক্রমাগত অনিশ্চয়তার মধ্যে চলছি। এভাবে চলতে থাকলে প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে থাকে। বাংলাদেশকে গণতান্ত্রিক ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল করার জন্য এ অবস্থার অবসান ঘটা দরকার। এখন দূর থেকে কারোরই চুপচাপ দাঁড়িয়ে থাকার অবস্থা নেই। সবাইকে স্পষ্টভাবে সিদ্ধান্ত নিতে হবে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাতারে এসে দাঁড়াতে হবে।’
‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ ৩৩ জন বিশিষ্ট নাগরিকের একটি আন্দোলন। গত ২০ এপ্রিল রাজধানীতে ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এ ছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর ও সিলেটে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তাঁদের মূল দাবিগুলো হলো: জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা, সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করা ও আক্রান্তদের পাশে দাঁড়ানো, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিয়ে মুক্তচিন্তার পথ খোলা রাখা, তালেবানি রাষ্ট্র বানানোর পাঁয়তারা প্রতিরোধ করে নারীর অধিকার সমুন্নত রাখা।
জাতীয় কনভেনশন উপলক্ষে তৈরি করা একটি ওয়েবসাইট উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান।
ওয়েবসাইটটি হলো www.rdbd.net। জাতীয় কনভেনশনে যোগ দিতে আগ্রহীরা এই ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন বলে জানানো হয়।