৫ আগস্টের মধ্যে পোশাকশ্রমিকদের বেতন-বোনাস দাবি

সব পোশাক কারখানার শ্রমিকদের আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই মাসের বেতন, ওভারটাইম এবং বেতনের সমপরিমাণ বোনাস পরিশোধের দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ।
গতকাল বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তারা বলেন, ঈদের আগে আংশিক বেতন দেওয়া এবং ওভারটাইম আটকে রাখা শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য নয়। পাশাপাশি মালিকদের মনগড়া নিয়মে বোনাস দেওয়ার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। অনেক কারখানায় বোনাস নিয়ে কথা বলতে গেলে মালিকপক্ষ তাঁদের চাকরিচ্যুত করেছে।
মালিকপক্ষের এই তৎপরতা বন্ধ করে ৫ আগস্টের মধ্যে বেতন-বোনাস প্রদানের জন্য মালিকের প্রতি দাবি জানানো হয়।
ঐক্য পরিষদের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন পরিষদের মহাসচিব সালাউদ্দিন স্বপন, কেন্দ্রীয় নেতা কামরুল হাসান, দেলোয়ার হোসেন, মো. রফিক প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে কদম ফোয়ারা হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। বিজ্ঞপ্তি।