৫ আগস্টের মধ্যে বেতন-বোনাস দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৫ আগস্টের মধ্যে সব পোশাক কারখানার শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের চেয়ারম্যান আমিরুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পরিষদের মহাসচিব সালাউদ্দিন স্বপন, কেন্দ্রীয় নেতা কামরুল আহসান, এম দেলোয়ার হোসেন, মো. রফিক, রাশেদুল আলম, মো. কামরুল হাসান, মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কিছু পোশাক কারখানার মালিক জুলাই মাসের বেতন আংশিক দেওয়ার চিন্তা-ভাবনা করছেন। আবার কোনো কোনো কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের জুলাই মাসের ওভারটাইম আটকে রাখার ঘোষণা দিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

মালিকদের উদ্দেশে আমিরুল হক বলেন, ‘আপনারা বিদেশে গিয়ে ঈদের কেনাকাটা করবেন, আর শ্রমিকেরা বেতন পাবে না, এটা হতে পারে না।’ পোশাকশ্রমিকেরা যাতে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে পারেন, এ জন্য আগামী ৫ আগস্টের মধ্যে শ্রমিকদের জুলাই মাসের বেতন, ওভারটাইম ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানান তিনি।