৫ আসনে প্রচারণায় সমানে সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উত্তর জেলার সাতটি আসনের মধ্যে পাঁচটিতেই নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে সমানতালে পাল্লা দিচ্ছেন বিএনপি ও ২০-দলীয় জোটের প্রার্থীরা। তাঁদের অভিযোগ, কোনো কোনো এলাকায় পুলিশ প্রচারণায় বাধা হয়ে দাঁড়িয়েছে। কোথাও হচ্ছে হামলা। কিন্তু এরপরও তাঁরা মাঠ ছাড়ছেন না। তবে বাকি দুটি আসনে (চট্টগ্রাম-১ ও চট্টগ্রাম-৩) সরব নন বিএনপির প্রার্থীরা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রামের একটি আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচন কমিশন। তা তো হয়নি, উল্টো নেতা-কর্মীদের ঘরে ঘরে অভিযান চলছে। প্রচারণায় হামলা হচ্ছে। ভীতি প্রদর্শন করা হচ্ছে। তিনি বলেন, প্রতিকূল পরিবেশের মধ্যেও বিএনপির প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। কারণ, জনগণ বিএনপির সঙ্গেই আছে বলে তা সম্ভব হচ্ছে।

বিএনপির অভিযোগ সম্পর্কে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম প্রথম আলোকে বলেন, ফটিকছড়ি ও হাটহাজারীতে বিএনপির প্রার্থীর ওপর হামলা ছাড়া বাকি পাঁচটি আসনে কোনো ঘটনা ঘটেনি। ফটিকছড়িতে শিবিরের ছেলেরা নৌকার স্লোগান দিয়ে বিএনপির প্রার্থীর ওপর হামলা করেছেন কি না, তা পুলিশ খতিয়ে দেখতে পারে। এ ধরনের ঘটনা দুঃখজনক। সীতাকুণ্ডে আওয়ামী লীগের প্রচারকেন্দ্রে আগুন দিয়েছে বিএনপি-জামায়াত। বিএনপির ঢালাও অভিযোগও সত্য নয়।

 চট্টগ্রাম-১ (মিরসরাই)

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন গণসংযোগে এগিয়ে আছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন প্রচারণা চালাচ্ছেন। বিএনপির প্রার্থী নুরুল আমিন শুরুর দিকে মাঠে ছিলেন। বিএনপির অভিযোগ, দলীয় নেতা-কর্মীদের বাড়িতে পুলিশের অভিযান শুরু হলে তিনি অনেকটা নিষ্প্রভ হয়ে যান। তিনি প্রথম আলোকে বলেছিলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের মোশাররফ হোসেনকে পরাজিত করা কঠিন হবে না।

 চট্টগ্রাম-২ (ফটিকছড়ি)

এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ১৪-দলীয় জোটের শরিক তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। বিএনপির প্রার্থী কর্নেল (অব.) মো. আজিম উল্লাহ বাহার। নজিবুল বশর প্রচারণায় গত শনিবার পর্যন্ত বাহারের চেয়ে পিছিয়ে ছিলেন। কারণ, তাঁর পথের কাঁটা হয়ে ছিলেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম। শুক্রবার রাতে পেয়ারুল সরে দাঁড়ালে নজিবুল বশর কোমর বেঁধে মাঠে নামেন। বাহার রোববার সন্ত্রাসী হামলায় আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

বাহারের গাড়ির চালক মোহাম্মদ দুলাল প্রথম আলোকে বলেন, ‘স্যার (বাহার) গাড়ি থেকে নেমে মিছিল শুরু করেন। হঠাৎ কিছু লোক লাঠিসোঁটা নিয়ে মিছিলে হামলা চালায়।’

এ বিষয়ে নজিবুল বশর বলেন, শিবিরের ছেলেদের নিয়ে আজাদী বাজারে গণসংযোগ শুরু করেছিলেন বাহার। তাঁরা নৌকার প্রচারণাকেন্দ্রে হামলা চালিয়েছেন। এরপর ক্ষুব্ধ জনতা তাঁদের প্রতিহত করে।

 চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ)

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ মাহফুজুর রহমান প্রচারণায় এগিয়ে আছেন। ধানের শীষের পোস্টার টাঙানো থাকলেও বিএনপির প্রচারণা নেই। এ বিষয়ে বক্তব্য জানতে চেষ্টা করে বিএনপির প্রার্থী মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করা যায়নি। আওয়ামী লীগের প্রার্থী বলেন, ‘আমাদের কেন্দ্রভিত্তিক কমিটির কাজ প্রায় শেষ।’ বিএনপির প্রার্থী সম্পর্কে তিনি বলেন, ‘সন্দ্বীপে বিএনপির কোন্দল চরমে। এ কারণে তিনি (মোস্তফা কামাল) প্রচারণা কম চালাচ্ছেন। বিএনপির প্রচারণায় আওয়ামী লীগ কোনো বাধা দিচ্ছে না।

 চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড)

এ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি প্রচারণায় সমানে সমান ছিল। তবে তিন দিন ধরে বিএনপির প্রচারণায় ভাটা পড়েছে। এর কারণ হিসেবে বিএনপির প্রার্থী মো. ইসহাক চৌধুরী বলেন, ‘প্রচারণা চালালে পুলিশ নেতা-কর্মীদের ধরে নিয়ে যায়। এ জন্য আমরা কৌশল অবলম্বন করছি।’ তবে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ দিদারুল আলম বলেন, ‘বিএনপি প্রতিদিন গণসংযোগ করছে। আমার প্রচারকেন্দ্রে আগুন দিয়েছে। আমরা ধৈর্য ধারণ করে আছি।’

 চট্টগ্রাম-৫ (হাটহাজারী)

এ আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ এবং ২০-দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম সমানতালে গণসংযোগ চালাচ্ছেন। আনিসুল পরিবেশ ও বনমন্ত্রী। গত রোববার বেলা তিনটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর এলাকার অদূরে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইবরাহিমের গাড়িতে সন্ত্রাসী হামলা হয়। এতে বিএনপির এক নেতাসহ দুজন আহত এবং দুটি গাড়ি ভাঙচুর হয়েছে।

সৈয়দ ইবরাহিম বলেন, ‘বিভিন্ন গণসংযোগে ধানের শীষের জোয়ার দেখে লাঙ্গলের প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ ভীত। এ জন্য আমার প্রচারণায় সন্ত্রাসী হামলা হয়েছে। কিন্তু আমরা মাঠ ছেড়ে যাব না। এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।’ এ অভিযোগের বিষয়ে আনিসুল ইসলাম মাহমুদের বক্তব্য পাওয়া যায়নি।

 চট্টগ্রাম-৬ (রাউজান)

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী প্রচারণায় এগিয়ে আছেন। আর বিএনপির প্রার্থী মো. জসিমউদ্দিন সিকদার একমুহূর্তের জন্য মাঠ না ছেড়ে নীরবে গণসংযোগ চালাচ্ছেন। জসিমউদ্দিন বলেন, ‘লোকজনকে কেন্দ্রে যেতে উৎসাহ দিচ্ছি। ভোটাররা কেন্দ্রে গেলে ধানের শীষ জিতবে।’ এদিকে ফজলে করিম চৌধুরী বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ঘরে ঘরে যাচ্ছেন। আমিও যাচ্ছি। উন্নয়ন ও শান্তির প্রতীক নৌকা। তাই নৌকার জয় অনিবার্য।’

 চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া)

এ আসনে প্রচারণায় অনেক এগিয়ে থাকা আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাছান মাহমুদ অনেকটা নির্ভার। এ ক্ষেত্রে ২০-দলীয় জোটের প্রার্থী এলডিপির নুরুল আলম অনেকটা নিষ্প্রভ। তবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছি। দুই-তিন দিন একটু বিরতি দিয়েছি। এটা আমার কৌশল। আবার জোরেশোরে নামার প্রস্তুতি নিয়েছি।’

হাছান মাহমুদ বলেন, ‘কেউ ভোট উৎসব দেখতে চাইলে রাঙ্গুনিয়া চলে আসতে পারে। আমার প্রতিদ্বন্দ্বী এলডিপি প্রার্থীও উৎসবের সঙ্গে প্রচারণা চালাচ্ছেন। এটা গণতন্ত্রের জয়। কিন্তু মানুষ উন্নয়ন ও স্থিতিশীল পরিবেশের পক্ষে রায় দেবে বলে আমার বিশ্বাস।’

(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন মিরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, হাটহাজারী ও রাঙ্গুনিয়া প্রতিনিধি)