চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ির চৌধুরীঘাটা এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার পাঁচ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল্লা কায়সার এই রিমান্ড মঞ্জুর করেন।
মুঠোফোন চুরির অভিযোগে গত মঙ্গলবার গভীর রাতে ঘর থেকে ডেকে নিয়ে আবদুল মালেক নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার বিকেলে আবদুল মালেকের ছোট ভাই মোহাম্মদ আবদুল্লাহ পানি সরবরাহকারী প্রতিষ্ঠান আযবাহ ড্রিংকিং ওয়াটারয়ের মালিক রিফাত চৌধুরীসহ ১৪ জনের নাম উল্লেখ করে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা করেন।
চট্টগ্রাম জেলা আদালত পরিদর্শক মশিউর রহমান প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।