৫ ইউপিতে আ.লীগের বিদ্রোহী ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চাঁদপুরের কচুয়া উপজেলার পাঁচ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১২ জন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এর মধ্যে তৃণমূলের ভোটে বাছাই হওয়া পাঁচজন মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হয়েছেন। অন্য সাতজনও দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, পাথৈর ইউপিতে তৃণমূলের সমর্থন পেয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান জুয়েল। তবে দলীয় মনোনয়ন পান বর্তমান চেয়ারম্যান জহিরুল ইসলাম মিয়াজী। দলের মনোনয়ন না পেয়ে মোস্তাফিজুর বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এ ছাড়া মনোনয়ন না পেয়ে দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরে আলম, সাধারণ সম্পাদক আলী আক্কাছ ও আওয়ামী লীগের নেতা তারেক।
পূর্ব সহদেবপুর ইউপিতে তৃণমূলের ভোটে সমর্থন পান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমাম হোসেন। কিন্তু দলের মনোনয়ন দেওয়া হয়েছে আ. রশিদ পাঠানকে। ইমাম হোসেন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এ ছাড়া এখানে বিদ্রোহী হয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহসভাপতি বাবুল সর্দার।
পশ্চিম সহদেবপুর ইউপিতে তৃণমূলের সমর্থন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শহিদ উল্যা পাটোয়ারী। কিন্তু দলের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান সামছুদ্দীন মুন্সী। তাই শহিদ উল্যা বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এ ছাড়াও দলের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সামাদ আজাদ, সাধারণ সম্পাদক মামুনুর রহমান ও সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেন।
কচুয়া সদর দক্ষিণে তৃণমূলের সমর্থন পেয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল। তবে দলের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের নেতা মো. জসিম উদ্দিন ওরফে লিটন। তাই রবিউল ইসলাম বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
গোহট দক্ষিণে তৃণমূলের সমর্থন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহরিয়ার শাহীন। তবে দলের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ৪ আমির হোসেন। শাহরিয়ার শাহীন বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
বিদ্রোহী প্রার্থী ইমাম হোসেন বলেন, ‘টাকা ও তদবিরের কাছে নৌকা বিক্রি হয়েছে। আমি গত নির্বাচনে দলীয় দ্বন্দ্বের কারণে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছি। নৌকা মার্কার প্রার্থীর সঙ্গে দলের নেতা-কর্মীরা নেই।’
পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম বলেন, ‘আমি ইউপি নির্বাচন মনোনয়ন বোর্ডের একজন সদস্য। প্রতিটি ইউপিতে তৃণমূলের সমর্থনে নির্বাচিত প্রার্থীকে নৌকা প্রতীক দেওয়ার জন্য সুপারিশ করে উপজেলা কমিটি জেলা ও কেন্দ্রে প্রার্থীদের নাম পাঠিয়েছে। কিন্তু জেলা ও কেন্দ্র আমাদের সাতজন প্রার্থীকে পরিবর্তন করেছে। নির্বাচনে এসব প্রার্থী কীভাবে পাস করবে, এটা যাঁরা মনোনয়ন দিয়েছেন তাঁরা দেখবেন।’