৫ এপ্রিল শিশুদের ভিটামিন-এ খাওয়ানো হবে
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সম্পদের সীমাবদ্ধতাই বাংলাদেশের স্বাস্থ্য খাতের প্রধান সমস্যা। স্বাস্থ্যের জন্য সম্পদের সমাবেশ ঘটানো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওদের এগিয়ে আসতে হবে।
আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। ৫ এপ্রিল সারা দেশে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে এবং ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হবে। দুটো অনুষ্ঠানকে সামনে রেখে একসঙ্গে সংবাদ সম্মেলন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানো কর্মসূচি বাস্তবায়নের সময় কোনো মহল যেন নেতিবাচক প্রচারণা চালাতে না পারে, সে জন্য গণমাধ্যমসহ সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, ৫ এপ্রিল দেশের প্রায় দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সারা দেশের এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রে ও ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে ক্যাপসুল খাওয়ানো হবে।
মোহাম্মদ নাসিম বলেন, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কেন্দ্র খোলা থাকবে। শিশুদের ভরা পেটে কেন্দ্রে আনতে হবে। জোর করে বা কান্নারত শিশুকে ক্যাপসুল খাওয়ানো যাবে না। ওই দিন বাদ পড়া শিশুদের পরবর্তী চার দিন স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ক্যাপসুল খাওয়াবেন।
স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এ বছরের: ‘মশা-মাছি দূরে রাখি: রোগ-বালাই মুক্ত থাকি’ প্রতিপাদ্য মাথায় রেখে ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান বান্দরবান জেলায় করার পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, পার্বত্য তিন জেলায় ম্যালেরিয়ার প্রকোপ বেশি।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।