৫ এপ্রিল মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে জামায়াত এ কর্মসূচি দিয়েছে।জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম গতকাল শুক্রবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।আজহারুল ইসলাম বলেন, সরকার জামায়াতের দুই শীর্ষ নেতাকে দীর্ঘ নয় মাস ধরে বিনা বিচারে আটক রেখেছে। তাঁদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও সাজানো মামলা করা হয়েছে। অথচ তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। একাত্তরে তাঁরা কোনো মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। সম্পূর্ণ অন্যায় ও বেআইনিভাবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। কাজেই তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিতে ৫ এপ্রিল সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে।সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলম, ঢাকা মহানগরের আমির রফিকুল ইসলাম খান, সেক্রেটারি হামিদুর রহমান আযাদ, সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, মতিউর রহমান আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।