৫ ও ৬ মের ঘটনায় জড়িতদের শাস্তি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ ও ৬ মের ঘটনার ওপর শ্বেতপত্র প্রকাশ এবং নিরপেক্ষ বিচারিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দুর্নীতির বিরুদ্ধে নজরদারি করা সংগঠনটি সব পক্ষকে সংযম প্রদর্শন এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও চর্চা অব্যাহত রাখারও আহ্বান জানিয়েছে।গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এই দাবি জানান। তিনি বলেন, ‘৫ ও ৬ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার কারণে হতাহতের ও জনসম্পত্তি বিনষ্টের ঘটনায় আমরা স্তম্ভিত এবং গভীরভাবে উদ্বিগ্ন। সমাবেশ থেকে বহুমুখী অরাজকতার মাধ্যমে যেভাবে সহিংস পরিবেশের সৃষ্টি করা হয়েছে, তা গণতান্ত্রিক কাঠামোতে মত প্রকাশ ও অধিকার চর্চার সুযোগের আড়ালে উগ্র, অগণতান্ত্রিক ও ধ্বংসাত্মক এবং স্বাধীনতার চেতনা ও মূল্যবোধের পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অশনি সংকেত।’মতিঝিলের শাপলা চত্বর থেকে সমাবেশকারীদের অপসারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চালানো অভিযানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং হতাহত-সংক্রান্ত গুজবের অবসানে সরকারকে দ্রুত শ্বেতপত্র প্রকাশের আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক।ইফতেখারুজ্জামান বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় প্রকাশিত হওয়ার পর থেকে এ পর্যন্ত সংঘটিত মৃত্যু ও সহিংস ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তাদের সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে সরকারকে দৃঢ় মনোভাব প্রদর্শন এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বিরাজমান সংঘাতময় অবস্থার অবসানে দুটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে গঠনমূলক ও ইতিবাচক সংলাপেরও আহ্বান জানান তিনি।