৫ কিমির জন্য ২২ কিমির সুখ ভুলে যেতে হয়
মাত্র পাঁচ কিলোমিটার রাস্তায় বেহাল দশার কারণে দুর্ভোগ পোহাচ্ছে সুনামগঞ্জ-ছাতক সড়কে চলাচলকারী যাত্রীরা। দুই বছর আগে ২৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কের ২২ কিলোমিটার নতুন করে নির্মাণ করা হলেও বাকিটুকু আর করা হয়নি। এলাকাবাসী এ অংশটুকু সংস্কারের জন্য বারবার দাবি জানিয়ে এলেও কোনো লাভ হয়নি।
ছাতক শহরের বাজনা মহল এলাকার টেম্পোচালক সাহেদ মিয়া বলেন, ‘গর্তে ভরা সড়কে গাড়ি চালাইলে কয়দিন পর পর গাড়ি নষ্ট অই যায়। ভাঙা রাস্তায় গাড়ির ঝাঁকুনিতে মানুষ আগের ভালা ২২ কিলোমিটারর সুখ ভুলি যাইন।’
সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ২০১০ সালে ৪৬ কোটি টাকা ব্যয়ে সড়কের ২২ কিলোমিটার নতুন করে নির্মাণ করা হয়। কিন্তু ছাতক ইউনিয়নের আন্দারগাঁও থেকে ছাতক পৌর শহরের বাজনামহল এলাকা পর্যন্ত পাঁচ কিলোমিটারে কোনো কাজ হয়নি ওই সময়।
সরেজমিনে দেখা যায়, কাজ না হওয়া অংশটুকুর বিভিন্ন স্থানে পুরোনো ঢালাই ওঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে আছে এসব গর্তে। কোনো কোনো স্থানে সড়কের রডও উঠে গেছে। এলাকাবাসী চলাচলের স্বার্থে কিছু কিছু জায়গায় বালু ও মাটি ফেলে গর্ত ভরাট করার চেষ্টা করেছেন।
এলাকাবাসী জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন ছাতক উপজেলার ছাতক সদর, চরমহলা, উত্তর খুরমা, সিংচাপইড়, দক্ষিণ খুরমা, ভাতগাঁও, দোলারবাজার, জাউয়াবাজার, দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ও দোহালিয়া ইউনিয়নের মানুষ যাতায়াত করে।
ছাতকের গণকখাই গ্রামের শিক্ষক নূরে আলম জানান, নতুন করে সড়কটি নির্মাণ করায় এখন ছাতক উপজেলা থেকে সুনামগঞ্জ জেলা শহরে যাওয়া খুবই সহজ। একইভাবে ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকার লোকজনও সহজে উপজেলা সদরে যাতায়াত করছে। তবে ওই পাঁচ কিলোমিটার অংশে দুর্ভোগ চরমে ওঠে এলাকাবাসীর।
এলজিইডির ছাতক উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার বলেন, সড়কটির অবশিষ্ট অংশ সংস্কার করতে দুই কোটি ২০ লাখ টাকার একটি প্রকল্প চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। প্রকল্প অনুমোদন হলে চলতি বছরই কাজ শুরু হতে পারে।