৫ কোটি টাকার কাজ ভাগাভাগি!
চট্টগ্রামের সন্দ্বীপে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পাঁচ কোটি টাকার নয়টি প্রকল্পের কাজের জন্য গোপনে কয়েকজন ঠিকাদার দরপত্র জমা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের সবাই স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির প্রভাবশালী নেতাদের পছন্দের লোক বলে জানা গেছে। অভিযোগ পাওয়া গেছে, শতাধিক ঠিকাদার গতকাল দরপত্র জমা দিতে পারেননি। স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির প্রভাবশালী নেতারা সমঝোতার কথা বলে তাঁদের ফরম নেওয়া থেকে বিরত রাখেন। স্থানীয় ঠিকাদার আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ‘সন্দ্বীপে নয়টি প্রকল্পের জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। এসব কাজের দরপত্র আহ্বান করা হয়। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা তাঁদের পছন্দের লোকদের কাজ দেওয়ার জন্য আমাদের সঙ্গে সমঝোতায় বসার প্রস্তাব দেন। এ বিষয়ে সমঝোতা বৈঠক হয়, যে কারণে শতাধিক ঠিকাদার ফরম সংগ্রহ করেননি। পরে সমঝোতা বৈঠক উপেক্ষা করে কিছু ঠিকাদার গোপনে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দরপত্র জমা দেন। তাঁরাই এখন ভাগবাটোয়ারা করে পাঁচ কোটি টাকার কাজ নিয়ে যাচ্ছেন।’ এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও এলজিইডির স্থানীয় নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলা যায়নি।