ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন চিকিৎসকের পদ আছে। অথচ স্বাস্থ্যসেবা দিচ্ছেন মাত্র পাঁচজন চিকিৎসক। ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন কনসালট্যান্ট ও ১৭ জন স্বাস্থ্য কর্মকর্তাসহ চিকিৎসকের মোট ২২টি পদ আছে। বর্তমানে হাসপাতালে যে পাঁচজন জন চিকিৎসক কর্মরত রয়েছেন তাঁদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তাঁকে দাপ্তরিক কাজের পাশাপাশি রোগী দেখতে হয়। বাকি চারজন চিকিৎসক সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন।
এ ছাড়া দ্বিতীয় শ্রেণির পাঁচটি পদের মধ্যে একজন, তৃতীয় শ্রেণির ৮৬টি পদের মধ্যে ৫৩ জন, চতুর্থ শ্রেণির ২৪টি পদের মধ্যে মাত্র ছয়জন কর্মরত রয়েছেন।
উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা আবদুল কাদের নামে একজন রোগী জানান, তিনি চোখের সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসক পাননি। পরে বেসরকারি ক্লিনিকে গিয়ে চিকিৎসা নিয়েছেন।
সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি প্রসূতিসেবা কার্যক্রম না থাকায় রোগীদের বাধ্য হয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে যেতে হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ইসমাইল হোসেন বলেন, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ৭০-৮০ জন রোগী আসে। এত অল্পসংখ্যক চিকিৎসকের পক্ষে তাঁদের সেবা দেওয়া কঠিন হয়ে পড়ে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আলম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-কর্মচারী সংকট বিষয়ে একাধিকবার চিঠি দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।
নুরুল আলম বলেন, হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোতে ঠিকমতো সেবা দেওয়া যাচ্ছে না।