শেরপুর সদর উপজেলার পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদর থানার পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: হাছেন আলী, মুসলিম, স্বপন মিয়া, শাখাওয়াত হোসেন ও আশরাফ আলী। তাঁদের সবার বাড়ি শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের চর বাবনা গ্রামে। পুলিশ গতকাল শুক্রবার ভোরে তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল বিকেলে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুরল আলম মোহাম্মদ নিপুর আদালতে হাজির করা হলে আদালত তাঁদের জামিনের আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। পরে তাঁদের শেরপুর জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ সুপার আনিসুর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, মন্ত্রীর গাড়ি ভাঙচুরসহ সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে কামারেরচর এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। গত ১ ডিসেম্বর দুপুরে শেরপুর সদর উপজেলার কামারেরচর কলেজ মাঠে এক জনসভায় পানিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে উপজেলা চেয়ারম্যানকে কথা বলার সুযোগ না দেওয়ায় তাঁর সমর্থক ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি মো. ইলিয়াছ উদ্দিন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনিসুর রহমানসহ ২৫ জন আহত হন। এ সময় বিক্ষুব্ধ চরাঞ্চলবাসীর হামলায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সাংবাদিকদের বহনকারী দুটি গাড়ির কাচ ভেঙে যায়।এসব ঘটনায় গত বৃহস্পতিবার শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে সদর উপজেলা চেয়ারম্যানকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা আরও তিন-চার শতাধিক লোককে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে সদর থানায় মামলা করেন। এ ছাড়া কামারেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. শফিকুল ইসলাম বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিনসহ ৪৬ জনকে আসামি করে সদর থানায় আরেকটি মামলা করেন। অপরদিকে সদর উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিনকে আহত হওয়ার ঘটনায় তাঁর ছোট ভাই মোফাজ্জল হোসেন বাদী হয়ে শেরপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে একটি মামলা করেন।