বিচার শেষ না হওয়া পৃথক পাঁচ মামলায় এক দশকের বেশি সময় ধরে কারাগারে আটক থাকা এক গারো তরুণসহ পাঁচজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। অপর দুই আসামির মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
পৃথক সাত মামলায় কারাগারে আটক ওই সাত বন্দীকে গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির করার পর শুনানি নিয়ে বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জামিন পাওয়া পাঁচ ব্যক্তি হলেন রাসেল শেখ, মো. পারভেজ, মাসুদ, গারো তরুণ লিটন চাম্বুগং ও বাবু। এ ছাড়া রাজীব হোসেন ও সাইদুর রহমানের বিরুদ্ধে থাকা পৃথক দুই মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। সাতজনের মধ্যে সাইদুর ও লিটন ১১ বছর, রাসেল ও পারভেজ ১২ বছর এবং রাজীব, মাসুদ ও বাবু ১৩ বছর কারাগারে আছেন।
আইনজীবী সূত্র বলেছে, গত বছরের ৯ ডিসেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এক যুগের বেশি সময় ধরে বিনা বিচারে সাত বন্দী কারাগারে আছেন বলে প্রতিবেদন প্রচারিত হয়। বিষয়টি গত ১৫ ডিসেম্বর আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী বেহে্শতী মারজান।