ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার ধার্য তারিখে গতকাল সোমবার একজন সাক্ষীও আদালতে হাজির হননি। আদালত ২৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। এদিকে আদালত গতকাল ৫ জন সাক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও ৫ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ বলেন, গতকাল জেলা ও দায়রা জজ আমিনুল হকের আদালতে ৫ জন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁরা আদালতে হাজির হননি। গত ৪ জানুয়ারিও এই মামলার কোনো সাক্ষী আদালতে হাজির হননি। তিনি বলেন, ধার্য দিনে হাজির না হওয়ায় গতকাল ৫ জন সাক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও ৫ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। এ ছাড়া গতকাল ১৪ জন আসামির জামিনের আবেদন করা হয়। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।
পিপি জানান, একরাম হত্যা মামলার ৫৯ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ২১ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এ মামলার অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১১ জন জামিনে আছেন।
আদালত সূত্র জানায়, গতকাল ফেনী কারাগার ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা ৩৪ জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা ১১ জন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকায় একরামুল হককে কুপিয়ে, গুলি করে, গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।