৫ জনের সাক্ষ্যগ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত রংপুরের মাজারের খাদেম রহমত আলী (৬০) হত্যা মামলায় গতকাল বুধবার পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে এ মামলার বিচারকাজ চলছে।

আদালত ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছেন। ওই তিন দিনে ৬ জন করে ১৮ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে।

গতকাল যাঁদের সাক্ষ্য নেওয়া হয়েছে, তাঁরা হলেন নিহত রহমত আলীর স্ত্রী রওশন আরা বেগম, ভাতিজা ফেরদৌস ইসলাম, প্রতিবেশী আবদুল হক, সাজেদা বেগম ও আবদুল জলিল।

এ মামলার বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) রথীশ চন্দ্র ভৌমিক বলেন, জেরার জবাবে সাক্ষী ফেরদৌস ইসলাম আদালতকে বলেছেন, তাঁর চাচা রহমত আলীকে হত্যার মাস খানেক আগে চৈতার মোড় এলাকার একটি মসজিদে জঙ্গিরা আস্তানা গেড়েছিল। জঙ্গিরা বিভিন্ন সময় তাঁর চাচাকে পীরবাদের তরিকা পরিহারের নির্দেশ দেয়। এতে রাজি না হওয়ায় জঙ্গিরা একদিন মসজিদের মাইকে তাঁকে হত্যার হুমকি দেয়।

রথীশ চন্দ্র ভৌমিক আরও বলেন, এ মামলায় জঙ্গি সংগঠনের ১২ সদস্যের বিরুদ্ধে এর আগে অভিযোগ গঠন হয়েছে। ৩ আসামি পলাতক।

মামলার বিবরণে জানা যায়, রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ের মাজার শরিফের খাদেম রহমত আলী ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তদের হামলায় তিনি নিহত হন।