৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে মার্শাল ল থাকত: নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে এখন মার্শাল ল থাকত। তিনি বলেন, ‘নির্বাচন হয়েছে, দেশ-বিদেশের স্বীকৃতিও মিলেছে। ২০১৯ সালের এক দিন আগেও কোনো নির্বাচন হবে না।’ আজ শনিবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদসহ দলের কেন্দ্রীয় নেতারা।
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের কড়া সমালোচনা করে বাংলাদেশ আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী নেতা। তাঁকে নিয়ে কে কী বলল, তাতে কিচ্ছু আসে-যায় না। বাংলাদেশের মানুষ সব জানে। বঙ্গবন্ধুকে নিয়ে আবোলতাবোল কথা বলে নিজেই দেশের মানুষের কাছে ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। বিএনপিকেও ডুবিয়েছে।’
নাসিম আরও বলেন, ‘আন্দোলনের নামে সরকারকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। বিএনপির আন্দোলনের কোনো লোক নাই। খালেদা জিয়াকে অবিলম্বে আমাদের কাছে সারেন্ডার করতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘জিয়াউর রহমান রাজাকারদের পুনর্বাসন করেছেন। তিনি মুক্তিযুদ্ধ নয়, পাকিস্তানি এজেন্ট হিসাবে কাজ করেছেন। এখন খালেদা জিয়া বেসামাল হয়ে বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করছেন।’
দুপুরে পাবনা পুলিশ লাইনস মাঠে সম্মেলনের উদ্বোধন করেন মোহাম্মদ নাসিম। এর আগে সকাল থেকে সম্মেলন উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে সভাপতি-সম্পাদক প্রার্থীদের সমর্থনে মিছিলসহ নেতা-কর্মীরা সম্মেলনস্থলে উপস্থিত হন।
৯ বছর পর কমিটি গঠন
দিনব্যাপী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন শেষে সন্ধ্যায় সমঝোতার ভিত্তিতে আগের সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফকে সভাপতি করা হয়েছে। একই সঙ্গে আগের কমিটির সহসভাপতি রেজাউর রহিম সহসভাপতি ও আগের কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ গোলাম ফারুককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ৯ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে ২০০৫ সালের ১২ জুন জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।