স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশে মার্শাল ল (সামরিক শাসন) থাকত। গণতন্ত্র থাকত না। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও অন্য দলগুলো নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্র রক্ষা করেছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে।’
গতকাল রোববার বিকেলে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কৃষিবিদ শাহ আলম। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা মো. আবু কাওছার।
সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। সভাপতি করা হয় মো. সাইফুল ইসলামকে। সাধারণ সম্পাদক পদে বেলাল হোসেন এবং শরিফুল ইসলামের নাম প্রস্তাব করা হলেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না দিয়ে সম্মেলন মুলতবি ঘোষণা করা হয়।