বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার বাংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কাইল হেউড। তিনি আগামী ৫ জানুয়ারি যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন বিমানের বর্তমান এমডি মোসাদ্দিক হোসেন।
কাইল হবেন বিমানে দ্বিতীয় বিদেশি এমডি। বিমানের প্রথম বিদেশি এমডি ছিলেন আরেক ব্রিটিশ নাগরিক কেভিন জন স্টিল। গত বছর মার্চে তাঁকে উচ্চ বেতনে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি দুই বছরের মধ্যে বিমানকে লাভজনক করার ঘোষণা দিয়ে দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু প্রতিষ্ঠানকে আরও লোকসানে ফেলে তিনি গত এপ্রিলে চাকরি ছেড়ে চলে যান। বিমানের পরিচালনা পর্ষদের একটি সূত্র জানিয়েছে, কেভিনেরই পরামর্শে ওই পদে তাঁর পুরোনো সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু কাইল হেউডকে আনা হচ্ছে।
কাইল এর আগে পূর্ব আফ্রিকার ছোট দুটি বিমান সংস্থায় এমডি ছিলেন। তবে কোথাও এক বছরের বেশি টিকতে পারেননি। সংশ্লিষ্ট হিসাব শাখার একটি সূত্র জানায়, এখন পর্যন্ত আলাপ-আলোচনায় কাইলের যে বেতন-ভাতা ধরা হয়েছে, তা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ লাখ টাকার মতো। কেভিন স্টিল মাসে প্রায় ১৯ লাখ টাকা বেতন, সঙ্গে পাঁচতারা হোটেলে থাকাসহ অন্যান্য সুবিধা পেতেন।
বিমানের পরিচালক পদমর্যাদার একাধিক কর্মকর্তা জানান, কেইল একসময় কেভিনের সঙ্গে ব্রিটিশ এয়ারওয়েজে চাকরি করেছেন। তিনি সেখানে ব্যবস্থাপক ছিলেন। পরে তিনি ইতিহাদ, এমিরেটস, এয়ার আরাবিয়া, গালফ এয়ারসহ বিভিন্ন বিমান সংস্থায় চাকরি করেন। কোথাও বেশি দিন টিকতে পারেননি। কেইল প্রথম এমডি পদে নিয়োগ পান এয়ার উগান্ডায়। এর বহরে মাত্র তিনটি উড়োজাহাজ আছে, যা এখন বন্ধ। তিনি গত বছর তাঞ্জানিয়ার সদ্য চালু হওয়া ফাস্টজেট এয়ারে (বহরে তিনটি ছোট উড়োজাহাজ) যোগ দেন। এক বছর না যেতেই তা ছেড়ে দেন। এমন ব্যক্তিকে এনে বিমান বাংলাদেশ কতটা লাভবান হবে—এ নিয়ে ব্যক্তিগত আলাপে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা শঙ্কা প্রকাশ করেন।