৫ জানুয়ারির নির্বাচন পিছিয়ে দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, আইনজ্ঞ, শিক্ষাবিদ ও ব্যবসায়ীরা আগামী ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার ‘সংকটে বাংলাদেশ: নাগরিক ভাবনা’ শীর্ষক সংলাপে এ আহ্বান জানানো হয়। তাঁদের অনেকে বলেন, জাতীয় সংসদকে পুনরুজ্জীবিত করে দুই প্রধান দলের মধ্যে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা করে ঐকমত্যে পৌঁছানো যেতে পারে। এরপর জাতীয় সংসদ ভেঙে দিয়ে পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), আইন ও সালিশ কেন্দ্র, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ওই সংলাপের আয়োজন করে।  গুলশানের লেকশোর হোটেলে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।

রেহমান সোবহান বলেন, আসন্ন নির্বাচন চলমান সমস্যার গঠনমূলক সমাধান করবে না। সংবিধানের আওতায় এই সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। তিনি বলেন, আগামী ২৬ জানুয়ারির মধ্যে জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান করা যেতে পারে। এ জন্য প্রধান দুই রাজনৈতিক দলকে ঐকমত্য হতে হবে। 

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, আজকের (গতকাল) আলোচনায় একটি বিষয় বুঝলাম, বেশির ভাগ বক্তাই নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন। এ সংকট উত্তরণে দুই বড় রাজনৈতিক দলের মধ্যে গুচ্ছ সমঝোতা করতে হবে। আবার সমঝোতা হলেও ৯০ দিনের মধ্যে নির্বাচন না হলে কী হবে—সেটাও চিন্তার বিষয়।

আরেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচন হলে এর আগে-পরে কোনো শান্তি আসবে না। ব্যবসা-বাণিজ্য শেষ হয়ে যাচ্ছে। আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই, গ্রহণযোগ্য অন্তর্বর্তীকালীন সরকার চাই।’

৫ জানুয়ারি নির্বাচন স্থগিত করার পক্ষে মত দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

প্রবীণ আইনজীবী রফিক-উল হক বলেন, বাইরের লোক ডেকে এনে নয়, দুই নেত্রীকেই সংকট নিরসনে আলোচনায় বসতে হবে। দুই নেত্রীকে বলব, দেশের স্বার্থে সমঝোতায় আসুন। সংবিধানের আলোকেই নির্বাচন পেছানো যাবে। সময় আরও ৯০ দিন বাড়ানো যাবে। গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে দিন।

‘ডেইলি স্টার’-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, নির্বাচন বলতে যা বোঝায় সেই নির্বাচন হচ্ছে না। এটা সংবিধানের মূল চেতনায় হচ্ছে না। সংবিধানে যে নির্বাচনের কথা বলা হয়েছে, সেই বিষয়ে আদালতের মতামত নেওয়া যায় কি না, কিংবা আইনগতভাবে আসন্ন নির্বাচন বাদ দেওয়া যায় কি না দেখতে হবে। তিনি মত দেন, আসন্ন নির্বাচন হলে আওয়ামী লীগ একটি কলঙ্কময় দল হিসেবে চিহ্নিত হবে। তিনি মনে করেন, ৫ জানুয়ারি নির্বাচন হলে আরও প্রাণহানি হবে। প্রাণ বাঁচানোও সবার দায়িত্ব।

সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমান সংকট সমাধানে রাজনৈতিক নেতাদের ইচ্ছা কতটা কাজ করবে, সেটাই বড় কথা। তাই নাগরিক সমাজ চাপ দিতে পারবে কি না, সেটাও দেখা বিষয়। বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেন, প্রহসনের নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত। মানুষের জন্য এই সংবিধান। এটা কোনো ধর্মীয় গ্রন্থ নয় যে পরিবর্তন করা যাবে না। মানুষের জন্য না হয় আরেকটা সংশোধনী আনা হোক।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, জাতির স্বার্থে ৫ জানুয়ারি নির্বাচন বাতিল করা উচিত। কারণ, এ ধরনের নির্বাচনের পরিণতি ভালো হয় না।

সহিংসতার রাজনীতি

শিক্ষাবিদ আনিসুজ্জামান ও আবদুল্লাহ আবু সায়ীদ জানান, দুই রাজনৈতিক দলই সংঘাতপূর্ণ অবস্থায় রয়েছে। যে দল ক্ষমতায় যায়, সেই দলই সর্বময় স্বৈরতান্ত্রিক শক্তি নিয়ে আসে। সে জন্য দুর্নীতি ও দলবাজি বাড়ছে।