৫ জানুয়ারি ঘোষিত তফসিলেই নির্বাচন: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আগামী ৫ জানুয়ারি ঘোষিত তফসিলেই নির্বাচন হবে।

আজ শনিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক শেষে সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা জানান। তারানকোর এ সফর ফলপ্রসূ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তবে বৈঠক শেষে অস্কার ফার্নান্দেজ তারানকো সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। এদিকে ঢাকা সফরের দ্বিতীয় দিনে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিক, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে আলোচনা করেন।

এসব আলোচনায় সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে ফের সংলাপের ওপর গুরুত্ব দিয়েছেন তারানকো। এ ক্ষেত্রে সাংবিধানিক কাঠামোতে থেকেই রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে পারে বলে তিনি মত দেন। তবে আলোচনার জন্য সময় খুব সীমিত হয়ে এলেও সংলাপের জন্য সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথা বলেন। 

তারানকো চলমান রাজনৈতিক সহিংসতা নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগের কথা বিভিন্ন বৈঠকে জানান। তিনি যেকোনো মূল্যে প্রাণঘাতী এসব সহিংসতা বন্ধের আহ্বান জানান।

আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক

তারানকোর সঙ্গে বৈঠকে সৈয়দ আশরাফের নেতৃত্বে ছয় সদস্যের আওয়ামী লীগের প্রতিনিধিদলে ছিলেন দলের উপদেষ্টা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, গওহর রিজভী, শিল্পবিষয়ক সম্পাদক ফারুক খান ও সাবেক রাষ্ট্রদূত শাহেদ রাজা।

বৈঠকের পর সৈয়দ আশরাফ সাংবাদিকদের জানান, তারানকোর নেতৃত্বাধীন জাতিসংঘ প্রতিনিধিদলের সঙ্গে আওয়ামী লীগ প্রতিনিধিদলের কয়েক দফা আলোচনা হবে। এরই অংশ হিসেবে প্রথম দফা আলোচনা হয়েছে। তিনি বলেন, আগামী বৈঠকগুলোর পর অনেক কিছু পরিষ্কার হবে। সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আজ আলোচনা হয়নি। আগামী বৈঠকগুলোতে এ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

সৈয়দ আশরাফ বলেন, ‘আমরা খুবই আশ্বস্ত যে জাতিসংঘের মহাসচিব নিজে উদ্যোগী হয়ে প্রতিনিধিদলকে বাংলাদেশে পাঠিয়েছেন। ১/১১ রাজনৈতিক পট পরিবর্তনের পর, ২০০৮ সালে ঢাকায় এসেছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তাঁর ওই বৈঠক খুবই সফল হয়েছিল। সে কারণেই নির্বাচন হয়েছিল। আর ওই নির্বাচনে আমরা সবাই অংশগ্রহণ করি। আমরা আশা করি এই আলোচনাও (তারানকোর সফর) ফলপ্রসূ হবে। আমাদের একটু সময় আপনাদের দিতে হবে, ধৈর্য ধরতে হবে। আপনারা জাতির মঙ্গল চান। দেশে গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকুক সেটা আপনারা চান। সে ক্ষেত্রে আমাদের একটু স্পেস প্রয়োজন, উনাদেরও স্পেস প্রয়োজন। আমরা আশা করি, সহযোগিতা করবেন। যাতে করে আমরা সবাইকে নিয়ে নির্বাচন অনুষ্ঠান করতে পারি।’

সব দলকে নিয়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যাঁরা নির্বাচন প্রক্রিয়ায় আছেন, তাঁদের কথা বলছি। অনেক রাজনৈতিক দল আছে, যারা নির্বাচনে অংশগ্রহণ করে না। যারা অংশগ্রহণ করে, তাদের সঙ্গে আলোচনার কথা বলছি।

প্রাতরাশ সভা দিয়ে কর্মসূচির সূচনা

সকাল সাড়ে আটটার দিকে জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কনজের বাসায় প্রাতরাশ সভার মধ্য দিয়ে তারানকো দিনের কর্মসূচির শুরু করেন। ওই সভায় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন, চীনের রাষ্ট্রদূত লি জুন ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম আনা। এরপর সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত তিনি প্রথমে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক, পরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। তবে এসব বৈঠকের পরও তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। দুপুরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা হোটেল সোনারগাঁওয়ে বৈঠক করেন।

অস্কার ফার্নান্দেজ তারানকো গতকাল শুক্রবার রাতে ঢাকায় এসেছেন। রাজনৈতিক সংকট কাটাতে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রতিনিধি হিসেবে অস্কার ফার্নান্দেজ তারানকো এর আগে দুবার ঢাকা সফর করেন। প্রথমবার গত বছরের ডিসেম্বরে এবং দ্বিতীয়বার এ বছরের মে মাসে তিনি ঢাকায় আসেন। এবার ঢাকা সফরে তারানকো পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। ১০ ডিসেম্বর তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।