৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে আ.লীগের অপমৃত্যু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘আগামী ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক অপমৃত্যু ঘটবে।’
১৮-দলীয় জোটের অবরোধ চলাকালে গতকাল মঙ্গলবার সকাল নয়টায় চট্টগ্রাম নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, বাকশাল বিলুপ্তির পর পুনরায় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে আওয়ামী লীগের অনেক বছর সময় লেগেছিল। ৫ জানুয়ারির নির্বাচনের পর তাদের অস্তিত্ব বিপন্ন হবে। অবস্থা ৭৫-এর বাকশাল-পরবর্তী সময়ের মতো হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের কবলে পড়েছে এরশাদ। সরকারের শর্তপূরণ ছাড়া মুক্তি অনিশ্চিত। সরকারের শর্ত হচ্ছে পাতানো নির্বাচনে অংশগ্রহণ করে সরকারকে সহযোগিতা করা। নির্বাচনে অংশগ্রহণের সব সুযোগ এরশাদের জন্য উমুক্ত রাখা হয়েছে।
আবদুল্লাহ আল নোমান বলেন, সংসদীয় গণতন্ত্রের আদলে প্রহসনের নির্বাচন করতে চাইলে একটি গৃহপালিত বিরোধী দল প্রয়োজন হয়, সেটাও সরকার করতে পারে নাই। সরকারের শেষ ভরসা ছিল হুসেইন মুহম্মদ এরশাদ। কী কারণে জাতীয় পার্টি খণ্ড-বিখণ্ড হয়ে গেল, সরকারের হাসপাতাল নামক সাব-জেল থেকে এরশাদ মুক্তি পেলে তাঁর মুখ থেকেই তা জাতি জানতে পারবে।
মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক যুগ্ন সম্পাদক আবদুস সাত্তার, মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক কাজী আকবর, মহানগর বিএনপির নেতা ওহাব কাসেমী, আহমেদুল আলম রাসেল, আবদুল মান্নান প্রমুখ।