৫ জানুয়ারির আগে মিটিং করতে দেওয়া হবে না: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘আপনাকে কেউ আর বিশ্বাস করে না। ঢাকায় কোনো মিটিং করতে হলে ৫ জানুয়ারির পর করতে হবে। এর আগে কোনো মিটিং করতে দেওয়া হবে না। এর আগে হেফাজতকে বিশ্বাস করে সুযোগ দিয়েছিলাম। কিন্তু তারা সেই সুযোগের অপব্যবহার করে বায়তুল মোকাররমে আগুন দেওয়াসহ ঢাকায় নাশকতা করেছে।’
আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় মোহাম্মদ নাসিম এ হুঁশিয়ারি দেন।
মোহাম্মদ নাসিম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘৫ জানুয়ারির আগে জামায়াত-শিবিরকে ছেড়ে দিন। তাদেরকে না ছাড়লে আপনাদের সঙ্গে কোনো আপস হবে না। ৫ জানুয়ারি যথাসময়ে নির্বাচন হবে। যদি সমঝোতা হয়, তাহলে ৫ জানুয়ারির পর আলোচনা করে নির্বাচন হতে পারে।’