রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, ৫ জানুয়ারির একতরফা নির্বাচন দেশের গণতন্ত্রকে অন্ধকারে নিমজ্জিত করেছে। রাজনৈতিক দলগুলোর ভেতরেও গণতন্ত্রের চর্চা নেই। গণতন্ত্রের স্বার্থে নাগরিক সমাজকে কথা বলতে হবে।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে গণতন্ত্রের চ্যালেঞ্জ’ শীর্ষক এ আলোচনা আয়োজন করে ‘সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস অ্যান্ড প্রসপারিটি’ নামের একটি সংগঠন।
এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, গত ৪৩ বছরে বাংলাদেশে অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। পরিচর্যার অভাবে গণতন্ত্র শুকিয়ে গেছে। হিংসা, বিদ্বেষ, প্রতিপক্ষকে ধ্বংস করার মনোভাব বড় হয়ে গেছে। তিনি বলেন, বাংলাদেশ এখন বাজিকরদের হাতে। আর বাজিকরেরা তাদের গডফাদারদের হাতে।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, জানুয়ারির নির্বাচন ছিল গণতন্ত্রের হত্যার। সরকারের এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার পথ নেই। আওয়ামী লীগ সামনে ভোটে দাঁড়াতে পারবে কি না, তা নিয়েও সন্দেহ আছে। তিনি নাগরিক সমাজের উদ্দেশে বলেন, বিএনপি হয়তো পারবে বা পারবে না। কিন্তু নাগরিক সমাজকে কথা বলতে হবে। গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে।
রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি আতাউর রহমান বলেন, ৫ জানুয়ারিতে প্রধান বিরোধী দলবিহীন নির্বাচন, রাজনৈতিক সহিংসতা ও রাষ্ট্রীয় নির্যাতন দেশের গণতন্ত্রের ভবিষ্যৎকে অন্ধকারে নিক্ষেপ করেছে। তিনি বলেন, দলগুলোর ভেতরেও গণতন্ত্রের চর্চা নেই। সেখানে শীর্ষ পর্যায় থেকে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, সাবেক রাষ্ট্রদূত আশফাক চৌধুরী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিলারা চৌধুরী প্রমুখ।