৫ জানুয়ারির নির্বাচন ফ্রেন্ডলি ম্যাচ: বিএনপি
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জনকে বিজয়ী করার মাধ্যমে নির্বাচনী নাটকের প্রথম অংশের পর ৫ জানুয়ারি প্রতিদ্বন্দ্বিতার নামে সরকার ফ্রেন্ডলি ম্যাচ বা পাতানো খেলার অনুষ্ঠানের আয়োজন করছে বলে মনে করছে বিএনপি। আজ রোববার দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম বলেন, সরকার দেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারের ভোটাধিকার হরণ করে অবশিষ্টদের অধিকার অর্থহীন করে দিয়েছে। জনগণ এসব নাটক এবং খেলায় নেই। তারা তাদের অধিকার নিয়ে সরকারের অনৈতিক রসিকতায় ক্ষুব্ধ ও ক্রুদ্ধ।
বিএনপির এই নেতা আরও বলেন, ‘বিএনপি মনে করে, সরকারের সদিচ্ছা থাকলে এখনো সমঝোতা সম্ভব। সমঝোতার মাধ্যমে সবার অংশগ্রহণে দশম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠানের জন্য, এমনকি সংবিধানের কোনো সংশোধনী প্রয়োজন হলে তা-ও করা সম্ভব। কারণ সংসদ এখনো বহাল আছে। নির্বাচন অনুষ্ঠানে সময়েরও কোনো অভাব নেই। অভাব শুধু সরকারি সদিচ্ছার। আমরা সরকারকে এখনো বলব, দেশ, দেশের জনগণ ও গণতন্ত্রের স্বার্থে আলোচনার মাধ্যমে সমঝোতা এবং সমঝোতার মাধ্যমে সবার অংশগ্রহণে দশম সংসদের নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিন।’
‘নির্বাচনে অংশ না নিয়ে বিরোধী দল কপাল চাপড়াচ্ছে’, প্রধানমন্ত্রীর এই মন্তব্যের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া কোনো দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনে বিরোধী দল অংশ নেবে না, এটা বহু আগেই ঘোষণা করা হয়েছে। কাজেই দলীয় সরকারের অধীনে বিরোধী দলের নির্বাচনে না যাওয়া কোনো অতর্কিত কিংবা অপ্রত্যাশিত ঘটনা নয়। এটাই স্বাভাবিক ছিল এবং তা-ই হয়েছে। স্বাভাবিক কোনো ঘটনা নিয়ে কপাল চাপড়ানো স্বাভাবিক নয়। ঘটনা ইচ্ছানুরূপ না ঘটলে বরং কপাল চাপড়াতে হয়, যেমন ঘটছে ক্ষমতাসীনদের বেলায়।’ সরকার ক্ষমতার লোভে সংবিধান রক্ষার নামে নির্বাচনী প্রহসন করছে মন্তব্য করে তিনি বলেন, এই নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পাচ্ছে না।
নজরুল ইসলাম খান অভিযোগ করেন, চিকিত্সকের পরামর্শমতে দলের দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভীকে বাড়ি থেকে খাবার সরবরাহ করতে দেওয়া হচ্ছে না। ফলে তিনি আরও অসুস্থ হয়ে পড়ছেন। সুচিকিত্সার জন্য রিজভীকে কেবিনে স্থানান্তর ও বাড়ি থেকে সরবরাহ করা খাবার দেওয়ার দাবি জানান।