৫ জানুয়ারির নির্বাচন ফ্রেন্ডলি ম্যাচ: বিএনপি
নির্বাচনী নাটকের প্রথম অংশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জন নির্বাচিত হয়েছেন। এবার দ্বিতীয় অংশে ৫ জানুয়ারি প্রতিদ্বন্দ্বিতার নামে সরকার ‘ফ্রেন্ডলি ম্যাচ’ খেলতে যাচ্ছে।
গতকাল রোববার গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, জনগণ এসব নাটক ও খেলায় নেই। তারা তাদের অধিকার নিয়ে সরকারের অনৈতিক রসিকতায় ক্ষুব্ধ ও ক্রুদ্ধ। নজরুল ইসলাম খান বলেন, বিএনপি মনে করে, সরকারের সদিচ্ছা থাকলে এখনো সমঝোতা সম্ভব। সমঝোতার মাধ্যমে সবার অংশগ্রহণে সংসদের নির্বাচন অনুষ্ঠানের জন্য, এমনকি সংবিধানের কোনো সংশোধনী প্রয়োজন হলে তা-ও করা সম্ভব। কারণ, সংসদ এখনো বহাল আছে।
পাকিস্তানের সংসদে কাদের মোল্লার ফাঁসির নিন্দা জানিয়ে প্রস্তাব পাসের পর খালেদা জিয়ার নীরবতা নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের জবাবে নজরুল ইসলাম খান বলেন, সরকার যদি মনে করে তবে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে। একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক হয়। এখানে ব্যক্তিগত সম্পর্ক হয় না।
নজরুল ইসলাম অভিযোগ করেন, চিকিৎসকের পরামর্শমতে হাসপাতালের প্রিজন সেলে বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভীকে বাড়ি থেকে খাবার সরবরাহ করতে দেওয়া হচ্ছে না। সুচিকিৎসার জন্য রিজভীকে কেবিনে স্থানান্তর ও বাড়ি থেকে সরবরাহ করা খাবার দেওয়ার দাবি জানান তিনি।
কূটনীতিকদের সঙ্গে বৈঠক: গতকাল দুপুরে গুলশানের একটি হোটেলে ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের কূটনীতিকের সঙ্গে বৈঠক করেন বিএনপির কয়েকজন নেতা। বৈঠকে বিএনপির পক্ষ থেকে কূটনীতিকদের ৫ জানুয়ারির নির্বাচন, বিএনপির নির্বাচন বর্জনের কারণ ও চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। বৈঠকে যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশের কূটনীতিকেরা ছিলেন।
বিএনপির পক্ষে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ।