৫ জানুয়ারির নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে: ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারির ‘বিরোধীদলবিহীন’ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘এটাকে নির্বাচন বললে নতুন ডিকশনারি বানাতে হবে।’ তিনি বলেন, জনমতকে পাশ কাটিয়ে করা ৫ জানুয়ারির নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ।
গতকাল রোববার রাজধানীর খিলগাঁওয়ে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা ও ইফতার অনুষ্ঠানে ড. কামাল এসব কথা বলেন।
ড. কামাল বলেন, ‘যে ডিকশনারি এত দিন ধরে আমাদের মাঝে আছে এর মধ্যে খুঁজে দেখেন নির্বাচনের মানেটা কী? মানুষ যাচাই করে একটা লোককে নির্বাচিত করতে পারে তাঁর প্রতিনিধি হিসেবে, সেটিই হলো নির্বাচন। ১৮ বছর বয়স থেকে ৮০-৯০ বছরের সবাই জানে যে এটাই নির্বাচন।’ তিনি বলেন, ‘মিথ্যাকে এখন সত্য হিসেবে চালু করার ধারা চালু করা হয়েছে। কিন্তু দেশের মানুষ জানে, দেশের মানুষ বোঝে, যদি সুযোগ পায় সঠিকভাবে তাঁরা সিদ্ধান্ত নেয়, সঠিকভাবে মূল্যায়ন করে।’
দেশের মানুষের মধ্যে ‘মৌলিক বিষয়ে ঐকমত্য’ থাকলেও মিথ্যাচারের মাধ্যমে এ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন ড. কামাল। এই প্রবণতাকে ‘অসুস্থ রাজনীতি’ বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সরকারের সমালোচনা করে বলেন, ‘এই সরকার সমুদ্র জয় করে, নদী জয় করে, কিন্তু খাবারে ফরমালিন ধরতে পারে না।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকল্প ধারার সাধারণ সম্পাদক মেজর (অব.) এম এ মান্নান এবং নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম প্রমুখ।