৫ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০
দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। আজ শনিবার সারা দিনে এসব দুর্ঘটনা ঘটে।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর:
গোপালগঞ্জ: ভোরে কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে নৈশ কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৬ জন নিহত হয়। আহত হয়েছে অন্তত ৩০ জন।
কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) জাকারিয়া হোসেন বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে সেবা গ্রিন লাইনের একটি যাত্রীবাহী নৈশ কোচের ভোর সাড়ে ৬টার দিকে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নারীসহ ছয়জন যাত্রী নিহত হয়। আহত লোকজনের মধ্যে ১৭ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া: বেলা ১১টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর এগারমাইল এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (২১) নামের এক তরুণ নিহত হন। আহত কমপক্ষে চারজন।
রবিউল সদর উপজেলার হরিপুর গ্রামের ওমর আলীর ছেলে। তিনি বাসের যাত্রী ছিলেন। আহত চারজন হলো আক্তার বানু (২৫), নাসিমা খাতুন (৩০), আলিফ হোসেন (৯) ও মারুফ হোসেন (৬)। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনা যাচ্ছিল। লক্ষ্মীপুর এগারমাইল এলাকায় পৌঁছানোর পর একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে বাসটির চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। এতে গড়াই পরিবহনের যাত্রী রবিউল ইসলাম সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় সিএনজির চার যাত্রী আহত হয়।
ইসলামি বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শ্রীপুর (গাজীপুর): শ্রীপুরে বেতঝুড়ি এলাকা থেকে বাসের দরজায় আটকে থাকা অবস্থায় সাখাওয়াত হোসেন (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার খনদকপাড়া গ্রামের নুরুন নবী আহমেদের ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘স্থানীয় লোকজন শ্যামলী বাংলা পরিবহনের একটি দুর্ঘটনাকবলিত বাসের দরজায় লাশ দেখে আমাদের জানায়। বাসটিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তি ওই গাড়িটির চালকের সহকারী ছিলেন বলে তাঁর পরিবার জানিয়েছে।’ তিনি বলেন, বাসটির চালককে পাওয়া যায়নি। সাখাওয়াতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
লালমনিরহাট: হাতীবান্ধায় ট্রাকের চাপায় আব্দুল মান্নান (৫৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর স্ত্রী স্কুলশিক্ষক রোজিনা আক্তার গুরুতর আহত হন। বিকেলে উপজেলার মিলন বাজারে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান স্ত্রীকে পেছনে বসিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। মিলন বাজারে একটি ট্রাক ওই মোটরসাইকেলটিকে চাপা দিলে দুজন গুরুতর আহত হন। তাঁদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মান্নানকে মৃত ঘোষণা করেন। রোজিনা আক্তারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
হাতীবান্ধা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নড়াইল: লোহাগড়ায় বাসচাপায় সোবহান মীর (৫৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। সন্ধ্যায় এড়েন্দা গ্রাম এলাকায় লোহাগড়া-নড়াইল সড়কে এ দুর্ঘটনা ঘটে। সোবহান পেশায় একজন কৃষক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা সোবহান এড়েন্দা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় নড়াইলগামী একটি স্থানীয় বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগ দেওয়া হলে মামলা হবে।