৫ জেলায় ৩১৯ অবৈধ ইটভাটার তথ্য জানাল পরিবেশ অধিদপ্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইটভাটা
ফাইল ছবি

ঢাকা ও এর আশপাশের ৫ জেলার ৩১৯টি অবৈধ ইটভাটার তথ্য আদালতকে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বুধবার ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ তথ্য তুলে ধরেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল হামিদ।

পাঁচ জেলা হলো ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ। পাঁচ জেলার মধ্যে তিন জেলার জেলা প্রশাসক ও এক জেলার জেলা প্রশাসকের প্রতিনিধি (আরডিসি) ভার্চ্যুয়ালি আদালতে যুক্ত ছিলেন। আদালত তিন জেলা প্রশাসকের বক্তব্যও শোনেন।

শুনানি নিয়ে আদালত অবৈধ ইটভাটার তালিকা হলফনামা আকারে রাষ্ট্রপক্ষকে দাখিল করতে বলে আগামী বুধবার পরবর্তী শুনানির দিন রেখেছেন।

ঢাকায় দূষণের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে ও অবৈধ ইটভাটা পরিচালনা নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন সংযুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে গত ৩০ জানুয়ারি একটি সম্পূরক আবেদন করা হয়।

আবেদনের শুনানি নিয়ে ১ ফেব্রুয়ারি হাইকোর্টের একই বেঞ্চ ওই পাঁচ জেলায় থাকা অবৈধ ইটভাটার তালিকা দাখিল করতে নির্দেশ দেন।

একই সঙ্গে পাঁচ জেলার জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে ১৬ ফেব্রুয়ারি ভার্চ্যুয়ালি আদালতে যুক্ত থাকতে নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি কার্যতালিকায় ওঠে।

মহাপরিচালক ও জেলা প্রশাসকদের বক্তব্য শুনলেন আদালত

শুরুতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান জানান, জেলা প্রশাসকেরা ভার্চ্যুয়ালি আদালতে যুক্ত আছেন। সব তালিকা এসে পৌঁছায়নি।

ঢাকার জেলা প্রশাসক আদালতে বলেন, অবৈধ ইটভাটা বন্ধ ও বিনষ্টের কাজ শুরু করা হয়েছে।

আদালত বলেন, ‘আমরা লিস্ট চেয়েছি, কারা অবৈধভাবে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া ইটভাটা পরিচালনা করছে। আইনি বাধ্যবাধকতা না মেনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেগুলোর তালিকা মূলত চেয়েছি।’

তখন ঢাকার জেলা প্রশাসক বলেন, বৈধ-অবৈধ ইটভাটার তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

আবেদনকারী পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ঢাকার জেলা প্রশাসকের পাঠানো তালিকায় ১২৮টি অবৈধ ইটভাটার নাম রয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে আদালত বলেন, ‘সব তালিকা আসার পর সেগুলো হলফনামা করে আদালতে উপস্থাপন করবেন।’

ভার্চ্যুয়ালি যুক্ত পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও জেলা প্রশাসকদের বক্তব্য পর্যায়ক্রমে শোনার অভিপ্রায় ব্যক্ত করেন আদালত।

এরপর গাজীপুরের জেলা প্রশাসক বলেন, গাজীপুর জেলায় অবৈধ ইটভাটার সংখ্যা ৪৬। এর মধ্যে ৩৩টি বন্ধ করা হয়েছে। গাজীপুরে পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় গত ২ বছরে ১৭৪টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে বৈধ ইটভাটার সংখ্যা ৭৩। তালিকা পাঠিয়ে দেওয়া হবে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক বলেন, ‘বৈধ ও অবৈধ ইটভাটার তালিকা পাঠানো হয়েছে। নির্দেশনা অনুসারে নিয়মিত অভিযান পরিচালনা, অবৈধ ইটভাটা বন্ধের কার্যক্রম গ্রহণ ও বন্ধ করেছি।’

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘আইনে আছে, অবৈধ ইটভাটার অপারেশন বন্ধ হবে, অর্থাৎ ইটভাটা থাকবে না। উনারা (প্রশাসন) মালিককে ডেকে বলেন, বন্ধ করে দেন বা নোটিশ দেন। ফলে মালিকেরা পরবর্তীতে সুযোগ পান।’

তখন অবৈধ ইটভাটার তালিকা পাঠানোর কথা জানিয়ে ঢাকার জেলা প্রশাসক বলেন, ‘অবৈধ ইটভাটা ধ্বংসের কথাও বলা হয়েছে। ফায়ার সার্ভিস পানি দিয়ে ও ভেকুর মাধ্যমে ওগুলো ভেঙে লেবেল করে দিয়েছে। যেগুলোর লাইসেন্স আছে, কিন্তু নবায়ন করা হয়নি এবং অন্যান্য কারণে ওই সব ইটভাটাকে জরিমানা করা হয়। কিন্তু লাইসেন্স নেই, সেগুলো গুঁড়িয়ে দিয়েছি।’

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল হামিদ বলেন, অবৈধ ইটভাটার তালিকা আদালতে পাঠানো হয়েছে। ৩১৯টি ইটভাটা অবৈধ। পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯৫টি ইটভাটার কার্যক্রম একেবারে বন্ধ করে দিয়েছেন।

কার্যক্রম পরিচালনা পদ্ধতি কী—আদালতের এমন প্রশ্নের জবাবে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘আমাদের সঙ্গে ম্যাজিস্ট্রেট থাকেন। ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তিরা সহায়তা করেন। অন্য জেলায় যখন যাই, তখন পুলিশ ফোর্স নিয়ে যাওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের সহকর্মীদের নিয়ে ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকেন।’

শুনানিতে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘অনেক সময় দেখি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় অবৈধ ইটভাটার মালিককে। মালিকেরা কোটি কোটি টাকার ব্যবসা করেন। তাতে তাঁদের কী হয়? তাঁরা চান জরিমানা দিয়ে কার্যক্রম চালাতে। কিন্তু যেখানে আইনে সরাসরি বলা আছে, লাইসেন্স না থাকলে কার্যক্রম পরিচালনাই করতে পারবে না। অর্থাৎ চিমনি বানানো, ইটের মাটি রাখা, ঘর বানানো—কোনো কিছুই করতে পারবে না।’

শুনানি নিয়ে আদালত বলেন, ‘তালিকা পাওয়ার পর সব বিষয় আমরা শুনব। শুনে যথাযথ আদেশ দেব। আগামী বুধবার পরবর্তী শুনানির দিন রাখা হলো।’

আদালতে পরিবেশ অধিদপ্তরের পক্ষে আইনজীবী আমাতুল করীম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ ও উত্তর সিটি করপোরেশনের পক্ষে আইনজীবী মো. শাহজাহান শুনানিতে ছিলেন।

‘ঢাকার বাতাসে নতুন বিপদ’ শিরোনামে ২০১৯ সালের ২১ জানুয়ারি প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে একই বছরের ২৭ জানুয়ারি এইচআরপিবির পক্ষে একটি রিট করা হয়। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৯ সালের ২৮ জানুয়ারি হাইকোর্ট রুলসহ আদেশ দেন। বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাজধানীর রাস্তাসহ নির্মাণাধীন জায়গা ঘিরে দেওয়া, ধুলামাখা স্থানে দুবেলা পানি ছিটানো ও দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে বলা হয়। রিটের ধারাবাহিকতায় সম্পূরক আবেদন করে এইচআরপিবি।