৫ টাকা মূল্যমানের নতুন নোট ইস্যু
বর্তমান সরকার ৫ টাকা মূল্যমানের কারেন্সি নোটটি ভিন্ন রং ব্যবহার করে নতুনভাবে মুদ্রণ করেছে, যা আগামী ৫ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও পরে নোটটি পাওয়া যাবে।
অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ স্বাক্ষরিত ৫ টাকা মূল্যমানের নতুন কারেন্সি নোটটি হালকা বেগুনি রঙে মুদ্রণ করা হয়েছে। নোটটির সামনের অংশে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং পেছনের অংশে নওগাঁর কুসুম্বা মসজিদের ছবি রয়েছে।
নতুনভাবে মুদ্রিত এ নোটের উভয় পিঠের ওপরের অংশে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ লেখা এবং পেছনের অংশে ডানদিকে বাংলাদেশের জাতীয় প্রতীক রয়েছে। নোটটির আকার, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত থাকা নোটের অনুরূপ।
নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ৫ টাকা মূল্যমানের নোট এবং ধাতব মুদ্রাও চালু থাকবে।