৫ তলার ছাদ থেকে পড়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী নিহত
নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়া এলাকায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে এক প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাগর শরীফ (৪০) দীর্ঘ ২৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। সেখানে তাঁর পরিবার রয়েছে। ১ মার্চ তিনি একা ১৫ দিনের জন্য দেশে বেড়াতে আসেন। তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা জি এম সাদেকের ছেলে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান জানান, গতকাল শরীফ ও তাঁর এক বন্ধু বাড়ির ছাদে বসে গভীর রাত পর্যন্ত গল্প করছিলেন। একসময় তাঁর বন্ধু নিচে খাবার আনতে যান। কিছুক্ষণ পর ছাদে ফিরে এসে শরীফকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। পরে ছাদ থেকে নিচে তাকিয়ে তাঁকে পড়ে থাকতে দেখেন।
আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পরিবারের সদস্যরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা শরীফকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফতুল্লা থানার পুলিশ এসে ময়নাতদন্তের জন্য লাশ পুনরায় জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবারের পক্ষ থেকে কারও প্রতি কোনো অভিযোগ দেওয়া হয়নি। এ ব্যাপারে প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।