
দেশের ৩৫ বিশিষ্ট ব্যক্তিত্বের আহ্বানে বাংলাদেশ রুখে দাঁড়াও-এর পক্ষে পাঁচ দফা দাবিতে জাতীয় কনভেনশন শুরু হচ্ছে কাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে। ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগান নিয়ে এই কনভেনশন শুরু হবে সকাল ১০টায় উদ্যানের টিএসসি গেটসংলগ্ন চত্বরে।
গতকাল বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কনভেনশনের বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়। সম্মেলনে বাংলাদেশ রুখে দাঁড়াও সংগঠনটির কার্যক্রম, লক্ষ্য ও কনভেনশনের কর্মসূচি নিয়ে আলোচনা করেন এর আহ্বায়কেরা। তাঁদের মধ্যে ছিলেন কামাল লোহানী, সুলতানা কামাল, সারওয়ার আলী, আবেদ খান, এম এম আকাশ ও জিয়াউদ্দিন তারিক আলী।
আলোচকেরা বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচারের রায় ঘোষণার পর গত ফেব্রুয়ারি থেকে সাম্প্রদায়িক শক্তি সারা দেশে ধারাবাহিক আক্রমণ শুরু করেছে। তারা ধর্মকে ব্যবহার করে কূটকৌশলের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তাদের স্বার্থ হাসিলের চেষ্টা চালাচ্ছে। জামায়াত-শিবির-হেফাজত চক্র সংখ্যালঘুদের ওপর আক্রমণ করছে। নারীদের অবরুদ্ধ করে, মানবতাবিরোধীদের বিচার বানচাল করে দেশকে তালেবানি রাষ্ট্রে পরিণত করতে উদ্যত হয়েছে। এদের প্রতিহত করতে ধারাবাহিক আন্দোলনের প্রয়োজন। মুক্তিযুদ্ধের ভাবাদর্শে বিশ্বাসীদের মিলিত ঐক্যের মাধ্যমে একটি ধারাবাহিক আন্দোলন গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আলোচকেরা বলেন, গত ২০ এপ্রিল জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ রুখে দাঁড়াও নামের সংগঠনটির কার্যক্রম শুরু হয়। এর মধ্যেই ছয়টি বিভাগীয় শহরে নাগরিক সমাবেশ করা হয়েছে। এখন পাঁচ দফা দাবিতে কনভেনশনের আয়োজন করা হয়েছে। দাবিগুলো হলো: জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা। মানবতাবিরোধী অপরাধীদের বিচার ত্বরান্বিত করা। সাম্প্রদায়িকতা প্রতিরোধ ও আক্রান্তদের পাশে দাঁড়ানো। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়া ও মুক্তচিন্তার পথ খোলা রাখা। তালেবানি রাষ্ট্র বানানোর পাঁয়তারা প্রতিহত করা এবং নারীর অধিকার সমুন্নত রাখা।
কনভেনশনে এই দাবিগুলো উত্থাপন করা হবে। এতে সভাপতিত্ব করবেন সুলতানা কামাল। সঞ্চালনা করবেন রামেন্দু মজুমদার। কনভেনশনে সংগঠনের আহ্বায়কদের পক্ষে সাতজন এবং ছয়টি বিভাগীয় শহরের প্রতিনিধিরা বক্তব্য দেবেন। এ ছাড়া সহযোগী হিসেবে সাতটি সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চ, সামাজিক প্রতিরোধ কমিটি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও গণজাগরণ মঞ্চের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে বক্তব্য দেবেন। সারা দেশের প্রায় দেড় হাজার প্রতিনিধি এই কনভেনশনে অংশ নেবেন বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করেন। কনভেনশন থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।